পুবের কলম, ওয়েবডেস্ক: নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারিকে কেন্দ্র করে রাজধানী দিল্লির উত্তাপ ক্রমেই বাড়ছে। আন্দোলনের প্রাণকেন্দ্র জন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভে যোগ না দেওয়ার পরামর্শ দিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় নির্দেশিকা জারি করায় ক্ষোভ প্রকাশ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ ও ভয় দেখানোর অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চরম হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা। শুক্রবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ দিল্লি বিশ্ববিদ্যালয়ের পোস্টটি শেয়ার করে রাহুল গান্ধি লেখেন, "নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য শিক্ষার্থীদের হুমকি দেওয়ার সাহস আপনাদের হয় কীভাবে?

মনে রাখবেন, সময় এলে কিন্তু আপনাদেরই জবাবদিহি করতে হবে।"

বৃহস্পতিবার রাতে দিল্লি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি পরামর্শসূচি জারি করে শিক্ষার্থীদের জন্তর মন্তরে কোনো "বেআইনি জমায়েত বা বিক্ষোভে" অংশ নেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করে। সুপ্রিম কোর্টের নির্দেশের দোহাই দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জন্তর মন্তরে যেকোনো বিক্ষোভ কঠোরভাবে নিয়ন্ত্রিত।

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়, আইনি ও বিশ্ববিদ্যালয়বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থার ঝুঁকি রয়েছে।

এ ধরনের জমায়েতে অংশ নিলে শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা, শিক্ষাজীবনের অগ্রগতি এবং ভবিষ্যতের চাকরির সুযোগ ব্যাহত হতে পারে। পরিস্থিতি উত্তপ্ত করতে প্রচুর বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করে শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। ডিইউ-এর এই বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় একই সুর গেয়ে নির্দেশিকা জারি করে জেএনইউ কর্তৃপক্ষও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্তর মন্তরের আশেপাশের জমায়েত এড়িয়ে চলতে বলা হয়।