পুবের কলম ওয়েবডেস্কঃ প্রথম ভোট আগামী বৃহস্পতিবার। এবার বামেদের সঙ্গে জোট চাহারা একাই লড়ছে কংগ্রেস। হাত শিবিরের আশা এবারের নির্বাচনে তারা বেশ কয়েকটি আসনে জয় পাবে। সেই লক্ষ্যে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গে নিজেই প্রচারে আসছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জানা যাচ্ছে বুধবার তিনি কলকাতায় আসবেন।

তার পরের দিন বৃহস্পতিবার বাংলায় ভোট প্রচারের একাধিক কর্মসূচী পালন করবেন। 

কংগ্রেস সুত্রের খবর, আগামী বৃহস্পতিবার কলকাতায় দুটি সভা করবেন রাহুল গান্ধী। এরমধ্যে একটি সভা করবেন মেটিয়াবুরুজে এবং অন্যটি পার্ক সার্কাস ময়দানে। তবে এখনও অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

এছাড়াও, ওই দিনই তিনি সভা করবেন শ্রীরামপুরে। যদিও শ্রীরামপুরের সভার অনুমতি মিলেছে বলেই কংগ্রেস সুত্রের খবর। তবে মেটিয়াবুরুজ ও পার্ক সার্কাস ময়দানের সভা ঘিরে অনুমতি না মেলায় জোর জল্পনা শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী, সাধারণত কলকাতায় কোনও সভার অনুমতি দিয়ে থাকে কলকাতা পুরসভা। তবে কলকাতা পুরসভা বর্তমানে নির্বাচন কমিশনের অধিনে রয়েছে।
তার ফলে রাহুলের সভার অনুমতি ঘিরে জটিলতা তৈরি হয়েছে বলেই খবর। 

উল্লেখ্য, রাজ্যে প্রথম দফায় ভোট হবে ১৫২ টি আসনে। আর দ্বিতীয় দফার ভোট হবে আগামী ২৯ এপ্রিল। দ্বিতীয় দফায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোট হবে। দ্বিতীয় দফার ভোটের লক্ষ্যেই প্রচার চালাতে বঙ্গে আসার কথা রয়েছে রাহুলের। তবে এখনও পর্যন্ত রাহুলের সভার অনুমতি না মেলায় তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ শেষ মুহুরতে সভার অনুমতি যদি না মেলে সেক্ষেত্রে তাহলে নির্দিষ্ট জায়গার পরিবর্তে সভা হতে পারে অন্য জায়গায়।