পুবের কলম ওয়েব ডেস্কঃ মালদার রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে ফের কংগ্রেসে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী  প্রসেনজিৎ দাস। রবিবার মালদা টাউন হলে আয়োজিত এক দলীয় অনুষ্ঠানে দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ঈসা খান চৌধুরী এবং প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূরের হাত ধরে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে প্রত্যাবর্তন করেন তিনি।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছিলেন প্রসেনজিৎ দাস। পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং অল্প সময়ের মধ্যেই জেলার অন্যতম পরিচিত মুখ হিসেবে উঠে আসেন।

জেলা যুব সভাপতির দায়িত্বও সামলান তিনি। পরে গাজোল বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন।

দীর্ঘদিন তৃণমূলে সক্রিয় থাকার পর তাঁর কংগ্রেসে প্রত্যাবর্তনকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। কংগ্রেস নেতৃত্বের দাবি, প্রসেনজিৎ দাসের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা আগামী দিনে দলের শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

তাঁদের মতে, এই যোগদানের ফলে মালদায় কংগ্রেসের সাংগঠনিক ভিত আরও মজবুত হবে এবং আসন্ন রাজনৈতিক লড়াইয়ে দল নতুন উদ্যমে মাঠে নামবে।

অন্যদিকে, প্রসেনজিৎ দাসের এই দলবদলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের মতে, লোকসভা নির্বাচনের পর জেলার রাজনীতিতে যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, এই প্রত্যাবর্তন তারই একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। ফলে আগামী দিনে মালদার রাজনৈতিক পরিস্থিতিতে এর কী প্রভাব পড়ে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।