পুবের কলম ওয়েব ডেস্কঃ  উত্তর প্রদেশে ফের চলল বুলডোজার। বিজনোর জেলার পেহারুওয়ালা গ্রামে শুক্রবার গভীর রাতে ভেঙে দেওয়া হল একটি নির্মীয়মাণ মসজিদ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। প্রশাসনের দাবি, সরকারি অনুমোদন ছাড়া নির্মাণকাজ চালানো হচ্ছিল।

 

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে প্রায় এক মাস ধরে মসজিদটির নির্মাণকাজ চলছিল। তবে ভিন্ন ধর্মের একটি সংগঠনের সদস্যরা নির্মাণের বিরোধিতা করে প্রশাসনের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগ ছিল, প্রয়োজনীয় সরকারি অনুমতি ছাড়াই মসজিদ নির্মাণ করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর প্রশাসন তদন্ত শুরু করে। তদন্তে দাবি করা হয়েছে, নির্মাণের জন্য কোনও অনুমোদন নেওয়া হয়নি।

এরপর প্রশাসনের উদ্যোগে দুই পক্ষের সঙ্গে আলোচনা হয়। কর্তৃপক্ষের দাবি, আলোচনার পর স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্যরা প্রশাসনের উপস্থিতির আগেই কাঠামোর একটি অংশ নিজেরাই ভেঙে ফেলেন। পরে রাতের দিকে প্রশাসনের তরফে বুলডোজার ব্যবহার করে অবশিষ্ট অংশ সরিয়ে দেয়।

এই অভিযানের সময় মহকুমা প্রশাসনের আধিকারিক, পুলিশকর্তা এবং অন্যান্য প্রশাসনিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন,  সংশ্লিষ্ট মসজিদ প্রয়োজনীয় অনুমোদন ছাড়া নির্মাণ করা হচ্ছিল। দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই সেটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, উত্তর প্রদেশে সম্প্রতি অনুমোদন না থাকার অভিযোগ তুলে একাধিক মসজিদ ভেঙে ফেলা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ নিয়ে বিরোধী দল এবং মুসলিম সংগঠনগুলির একাংশ প্রশ্ন তুলেছে, প্রশাসনিক সিদ্ধান্তগুলি সব সম্প্রদায়ের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হচ্ছে কি না। এর আগেও সম্ভল, মথুরাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় অনুরূপ অভিযানকে কেন্দ্র করে প্রতিবাদ, বিক্ষোভ এবং বেছে বেছে নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করার অভিযোগ সামনে এসেছে। ফলে বিজনোরের ঘটনাও নতুন করে সেই বিতর্ককে উসকে দিয়েছে।