পুবের কলম, ওয়েবডেস্ক: দেশজুড়ে তুমুল বিতর্ক তৈরি করা নিট পরীক্ষার অনিয়ম এবং গত ৩ মে-র প্রশ্ন ফাঁসের ঘটনার প্রতিবাদে উত্তাল দেশের রাজধানী। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থার দাবিতে দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র অবস্থান বিক্ষোভ সোমবার তৃতীয় দিনে পদার্পণ করল। গত শনিবার বিকেল থেকে শুরু হওয়া এই অবস্থান ধর্মঘট রবিবারের গোটা রাত পার করে সোমবারেও অব্যাহত রয়েছে। কড়া পুলিশি প্রহরার মধ্যেই আন্দোলনকারীরা সভাস্থলে রাত কাটান। রাতে ও দিনে আন্দোলনরত ছাত্র ও সমর্থকদের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবীদের খাবার ও পানীয় জল বিতরণ করতে দেখা গেছে।
আরও পড়ুন:
আন্দোলনের প্রথম সারিতে থেকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তীব্র সমালোচনা করেন। নিট বিতর্ক নিয়ে সরকারের দায়বদ্ধতার অভাবের অভিযোগ তুলে তিনি অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। সেই সঙ্গে, প্রশ্ন ফাঁসের ঘটনার জেরে মানসিক অবসাদে ভুগতে থাকা যে সমস্ত শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তাঁদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার এবং বিতর্কিত এই নিট পরীক্ষা সম্পূর্ণ বাতিল করার দাবি জানিয়েছে সিজেপি।
আরও পড়ুন:
রবিবার বিক্ষোভস্থল কার্যত এক অন্য রূপ নেয়। দিনভর চলে বিভিন্ন ধরণের প্রতিবাদী স্লোগান, জ্বালাময়ী বক্তব্য এবং সাংস্কৃতিক পরিবেশনা।
উপস্থিত সমর্থকরা হাততালি দিয়ে, ডাফলি বাজিয়ে দেশাত্মবোধক গান গেয়ে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আয়োজকদের দাবি, রবিবারের সন্ধ্যার মধ্যে বিক্ষোভস্থলে ২০০-রও বেশি মানুষ সমবেত হয়েছিলেন। এদিন আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিক্ষোভকারীদের জন্য যন্তর মন্তরের পাবলিক রেটরুম বা শৌচাগারগুলিতে জল সরবরাহ বন্ধ করে দিয়ে প্রাথমিক সুযোগ-সুবিধা ব্যাহত করার চেষ্টা করা হয়েছিল। তবে পরবর্তীতে পানীয় জলের ব্যবস্থা পুনরায় সচল করা হয়।আরও পড়ুন:
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনির্দিষ্টকালের আন্দোলন চলবে। এই আন্দোলনকে আরও জোরদার করতে তিনি দেশের কৃষক সংগঠন এবং সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।