পুবের কলম ওয়েব ডেস্ক: ককরোচ জনতা পার্টির বা সিজেপির ডাকা ‘চলো সংসদ’ অভিযানকে কেন্দ্র করে সোমবার রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী দিল্লি। এই আন্দোলনে সমর্থন জানিয়ে মিছিলে পা মেলানোয় সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব এবং ধর্মেন্দ্র যাদব-সহ দলের বেশ কয়েকজন নেতাকে আটক করেছে পুলিশ। সমাজবাদী পার্টির পক্ষ থেকে সমাজমাধ্যমে পোস্ট করে এই আটকের কথা জানানো হয়েছে। শুধু সমাজবাদী পার্টির নেতারাই নন, সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও পুলিশের হাতে আটক হয়েছেন বলে দাবি করেছেন তাঁর সহ-আন্দোলনকারীরা।
আরও পড়ুন:
সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বিক্ষোভ কর্মসূচির তীব্রতা আরও বৃদ্ধি পায়। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে দেখা করার দাবিতে আন্দোলনকারীরা এদিন সংসদ ভবনের দিকে এগোতে শুরু করেন। তবে প্রশাসনের তরফে আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে, সাক্ষাতের কোনও অনুমতি বিক্ষোভকারীদের দেওয়া হয়নি। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। মিছিল ছত্রভঙ্গ করতে ছাত্রদের উপর পুলিশের এই পদক্ষেপ ও লাঠিচার্জের কড়া নিন্দা করেছে সমাজবাদী পার্টি।আরও পড়ুন:
স্ত্রী তথা দলীয় সাংসদ ডিম্পল যাদবের আটকের খবর পেয়ে সমাজমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি তাঁর পোস্টে ‘ইনকিলাব’ বা বিপ্লব শীর্ষক একটি ছোট্ট কবিতা তুলে ধরেন। সেখানে তিনি লেখেন, হতাশার অশ্রু যখন সাগরে পরিণত হয় এবং কেউ যখন নিজের ক্ষমতায় মাথা উঁচু করে গর্বের সঙ্গে হাঁটে, ঠিক তখনই আসে বিপ্লব।