পুবের কলম, ওয়েবডেস্ক: ওমান উপকূলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার খবরের রেশ কাটতে না কাটতেই, নিহত তিন ভারতীয় নাবিকের পরিচয় সামনে আসতে শুরু করেছে। সরকারি সূত্র এবং পরিবার সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে একজন উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার ৩৫ বছর বয়সী যুবক শিবানন্দ চৌরাসিয়া। ওমান উপকূলের সেই অভিশপ্ত ট্যাঙ্কারে তিনি ‘ইঞ্জিন ফিটার’ হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন:
গত ১০ জুন ওই বাণিজ্যিক তেলবাহী জাহাজে মার্কিন হামলা চলার পর থেকে যে তিনজন ভারতীয় ক্রু সদস্য নিখোঁজ ছিলেন, বৃহস্পতিবার (১১ জুন) তাঁদের নিথর দেহাবশেষ উদ্ধার করা হয়।
এই মর্মান্তিক খবর উত্তরপ্রদেশের সুরাউলি গ্রামে পৌঁছাতেই গোটা এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।আরও পড়ুন:
নিহত শিবানন্দের বৃদ্ধ পিতা রামজি চৌরাসিয়া সংবাদসংস্থা পিটিআই-কে চোখের জলে জানান, মাত্র আট মাস আগে শিবানন্দ জাহাজের চাকরিতে যোগ দেওয়ার জন্য মুম্বাই পাড়ি দিয়েছিলেন। সেখানে একটি বিদেশি শিপিং সংস্থায় চাকরি পান তিনি। স্মৃতিচারণ করে শোকস্তব্ধ বাবা বলেন, "গত পরশু রাতেও (হামলার আগের রাতে) ছেলের সাথে আমাদের ফোনে কথা হয়েছিল।
ও আমাদের বলেছিল যে ওখানে সব ঠিকঠাক আছে, ভয়ের কিছু নেই। আর আজ শুনছি আমার ছেলে আর নেই।"আরও পড়ুন:
পরিবার সূত্রে জানা গেছে, শিবানন্দের ভাই বর্তমানে দুবাইতে কর্মরত। তিনিই প্রথম ফোন করে ওমান উপকূলে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনার খবর বাড়িতে জানান। খবর পাওয়ার পর দেওরিয়া জেলা পুলিশের আধিকারিকরা সুরাউলি গ্রামে শিবানন্দের বাসভবনে যান এবং শোকার্ত পরিবারের সাথে দেখা করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। মৃত্যুকালে শিবানন্দ তাঁর স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা সন্তানকে রেখে গেলেন।