পুবের কলম ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশে আরও এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ সামনে এসেছে, যেখানে দুই মুসলিম যুবককে মারধর করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে যে, ওই মুসলিম যুবক দুজনকে জোর করে জয় শ্রী রাম বলতে বাধ্য করা হয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তরপ্রদেশ পুলিশ তৎপরতার সঙ্গে একটি মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে সুলতানপুর জেলার চন্দা থানার অধীনস্থ ফারামাপুর এলাকায়।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে (যদিও পুবের কলম ডিজিটাল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি)।

সেই ভিডিওতে দেখা যায়, একদল যুবক ওই মুসলিম যুবক দুজনকে মারধর করছে এবং তাদের জোর করে জয় শ্রী রাম বলতে বাধ্য করছে। ভিডিওটি সামনে আসতেই নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ পুলিশ। একটি লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য একটি বিশেষ টিম গঠন করেছে পুলিশ।
ইতিমধ্যে অভিযুক্তদের মধ্যে দুজনকে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওর দৃশ্যে দেখা গিয়েছে, পাঁচ থেকে ছয়জন মিলে ওই দুই মুসলিম যুবককে বেধড়ক মারধর করছে এবং তাদের প্রতি অকথ্য ও আপত্তিকর ভাষা ব্যবহার করছে। অভিযুক্তদের একজন ওই মুসলিম যুবক দুজনের কাছে মোবাইল ফোন দাবি করে এবং তাদের জয় শ্রী রাম বলতে বাধ্য করতে থাকে। আক্রান্তরা বারবার তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানালেও মারধর অব্যাহত ছিল। জানা গিয়েছে, আক্রান্তদের নাম আফতাব আলম এবং তার আত্মীয় জিশান। আফতাবের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩(৫), ৩৫২, ১১৫ (২), ৩৫১ (৩) এবং ১২৬ (২) এর অধীনে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।