ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিল সৌদি আরব। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা প্রদান ও সৌদি আরবে প্রবেশ স্থগিত করা হয়েছে।
সৌদি সংবাদ সংস্থা জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধু ওই তিন দেশ থেকে সরাসরি আসা যাত্রীদের ক্ষেত্রেই নয়, তৃতীয় কোনো দেশ হয়ে সৌদিতে প্রবেশের চেষ্টাকারীদের ক্ষেত্রেও কার্যকর হবে। এছাড়া সৌদিতে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে কেউ যদি এই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করে থাকেন, তিনিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। একই সঙ্গে সৌদি নাগরিকদেরও ওই তিন দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইবোলা সংক্রমণের ঝুঁকি কমাতে দেশের সব প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা, রোগ পর্যবেক্ষণ এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এছাড়া আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র-যেমন রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া ও কঙ্গো প্রজাতন্ত্র (ব্রাজাভিল) থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
আরও পড়ুন:
কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং দেশটিতে এখন পর্যন্ত ইবোলার কোনো নিশ্চিত বা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি। তবে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আরও পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে সৌদি প্রশাসন।