পুবের কলম, ওয়েবডেস্ক: প্রলোভন দেখিয়ে ধর্মান্তরকরণের অভিযোগে উত্তরপ্রদেশের এক খ্রিস্টান প্রচারককে গ্রেফতার করল পুলিশ। সোমবার অভিযুক্ত ওই প্রচারককে জোগরাজপুর গ্রাম থেকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম আনোখে সিং। তিনি উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার বাসিন্দা।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর স্থানীয় কর্মী গৌরব গুপ্তার দায়ের করা একটি লিখিত অভিযোগের ওপর ভিত্তি করেই পুলিশ এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।

আরএসএস কর্মীর দায়ের করা অভিযোগে দাবি করা হয়, অভিযুক্ত আনোখে সিং জোগরাজপুর গ্রামে দীর্ঘদিন ধরে ধর্মান্তরকরণের প্রক্রিয়া চালাচ্ছিলেন। তিনি গ্রামবাসীদের এই বলে প্রলোভন দেখাচ্ছিলেন যে, যারা খ্রিস্টধর্ম গ্রহণ করবেন, তাঁদের সকলকে সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে এবং সমাজে প্রতিষ্ঠিত করে এক একজন “সুন্দর মেয়ের সাথে বিয়ে” দেওয়া হবে। বিষয়টি জানতে পেরে স্থানীয় আরএসএস কর্মী গৌরব গুপ্তা রবিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে শাহজাহানপুর জোনের পুলিশ সুপার সুকীর্তি মাধব মিশ্রের নির্দেশে দ্রুত অভিযান চালিয়ে সোমবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

রবিবার গভীর রাতেই সেহরামৌ নর্থ থানায় অভিযুক্ত আনোখে সিং-এর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। পুলিশ খ্রিস্টান প্রচারকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং উত্তরপ্রদেশের কঠোর ধর্মান্তর বিরোধী আইনে মামলা করেছে। পুলিশ সুপার সুকীর্তি মাধব মিশ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্তকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।