পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতে মাদক চোরাচালান ও মাদক সংক্রান্ত অপরাধে লিপ্ত থাকার অভিযোগে গত ২০২৫ সালে মোট ৭৪৭ জন বিদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো’ (এনসিবি)-র ২০২৫ সালের বার্ষিক রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই তালিকায় সবচেয়ে বেশি গ্রেফতারি হয়েছে নেপাল, নাইজেরিয়া এবং মায়ানমারের নাগরিকদের। রিপোর্টের অনুযায়ী, ২০২৪ সালের (৬৬০ জন) তুলনায় ২০২৫ সালে ভারতে বিদেশী মাদক কারবারিদের গ্রেফতারির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন:
এনসিবি-র দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ধৃত ৭৪৭ জন বিদেশীর মধ্যে শীর্ষ তিনটি স্থানে রয়েছে- নেপাল (২০৩ জন), নাইজেরিয়া (১৪৩ জন) ও মায়ানমার (৯৭ জন)। এছাড়া বাংলাদেশ থেকে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তালিকায় অন্যান্য দেশের মধ্যে রয়েছে কেনিয়া (১০ জন), ঘানা (৯ জন) এবং উগান্ডা (৬ জন)। রাশিয়া, ব্রাজিল, ইজরায়েল, সেনেগাল এবং তানজানিয়ার ৪ জন করে নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
আফগানিস্তান, ক্যামেরুন, জার্মানি, জাপান, সুদান এবং সুইডেনের মতো দেশগুলির নাগরিকদেরও অল্প সংখ্যায় গ্রেফতার করা হয়েছে। তবে ধৃতদের মধ্যে ২০৩ জন বিদেশী নাগরিক কোন দেশের, তার স্পষ্ট বিবরণ রিপোর্টে নেই।আরও পড়ুন:
২০২৫ সালে ভারতজুড়ে মাদক বিরোধী অভিযানে নজিরবিহীন সাফল্য মিলেছে। এনসিবি জানিয়েছে, ২০২৫ সালে দেশে মাদক মামলায় মোট ১,৮৩,৬৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যা ২০২৪ সালের (১,২২,২২৪ জন) তুলনায় একলাফে প্রায় ৫০% বেশি।
২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এটিই সর্বোচ্চ গ্রেফতারির রেকর্ড। পাশাপাশি, ২০২৫ সালে ৮১০টি প্রিভেন্টিভ ডিটেনশন বা আটকাদেশ জারি করা হয়েছে, যা ২০২৪ সালে ছিল ৫৩১টি।আরও পড়ুন:
এদিকে মাদকের বেআইনি চাষ রুখতেও কঠোর পদক্ষেপ নিয়েছে এনসিবি এবং রাজ্যগুলির এনফোর্সমেন্ট এজেন্সিগুলি। ২০২৫ সালে রেকর্ড ৪২,২৮২ একর জমির অবৈধ পোস্ত চাষ ধ্বংস করা হয়েছে। যা ২০২৪ সালের (২২,৫১২ একর) তুলনায় প্রায় দ্বিগুণ। একই সাথে ৩৮,১৯৩ একর জমির বেআইনি গাঁজা চাষও গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যা আগের বছর ছিল ৩৪,০১৮ একর।