পুবের কলম ওয়েব ডেস্ক: দুর্নীতি, স্বজনপোষণ এবং বেকারত্ব দূর করে এক নতুন নেপাল গড়ার ডাক দিয়ে ক্ষমতায় এসেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। কিন্তু সরকার গঠনের এক বছর পূর্ণ হওয়ার আগেই তাঁর বিরুদ্ধে নতুন করে পথে নেমেছে দেশের যুবসমাজ। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে গত তিন দিনে কাঠমান্ডুর রাস্তায় প্রকাশ্য দিবালোকে গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়েছেন তিন যুবক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে এবং অপর একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
আরও পড়ুন:
নেপালের পূর্বতন কেপি শর্মা ওলির সরকারের পতন এবং গত বছরের ‘জেন-জি’ আন্দোলনের প্রধান মুখ ছিলেন এই বলেন্দ্র শাহ।
কিন্তু বর্তমানে তাঁর বিরুদ্ধেই সরব হয়েছে ‘জেন-জি নেপাল’ সংগঠন। তাদের অভিযোগ, দেশবাসীর মনে যে আশা জাগিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, তা পূরণে তিনি সম্পূর্ণ ব্যর্থ। যুবকদের কর্মসংস্থান তৈরি করা এবং আয় বাড়ানোর ক্ষেত্রে সরকারের বাজেট বা নীতিমালায় কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। উলটে প্রধানমন্ত্রী জনবিরোধী ও স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছেন বলে অভিযোগ তুলে নতুন করে বিক্ষোভে শামিল হয়েছে নেপালের যুবসমাজ।আরও পড়ুন:
আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধী দল নেপালি কংগ্রেস।
তাদের দাবি, রাষ্ট্রের চরম ব্যর্থতার কারণেই যুবকদের আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে।প্রসঙ্গক্রমে উল্লেখ্য, ২০২৩ সালে পূর্বতন সরকারের আমলে প্রেম আচার্য নামে এক যুবকের আত্মহত্যার ঘটনায় ব্যাপকভাবে সরব হয়েছিলেন তৎকালীন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। গত বছর সোশাল মিডিয়ায় নিষেধাজ্ঞা, বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে তাঁর প্রচার যুবসমাজের মধ্যে ব্যাপক আলোড়ন ফেলেছিল। যার জেরে ৫ মার্চের নির্বাচনে ওলিকে পরাজিত করে মাত্র ৩৫ বছর বয়সে দেশের প্রধানমন্ত্রী হন তিনি। কিন্তু এক বছর কাটতে না কাটতেই এবার সেই একই রকম জনরোষের মুখে পড়তে হল খোদ বলেন্দ্র শাহকে।