পুবের কলম, ওয়েবডেস্ক: আম আদমি পার্টি (AAP) এবং রাঘব চাড্ডার দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদ এখন স্রেফ সময়ের অপেক্ষা। গত কয়েক মাস ধরেই দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু এবার প্রশ্ন উঠছে, তাঁর পরবর্তী পদক্ষেপ কী? তিনি কি বিজেপিতে যোগ দেবেন, নাকি নিজেই নতুন পথ বেছে নেবেন? সোশ্যাল মিডিয়ায় রাঘবের একটি সাম্প্রতিক মন্তব্য ঘিরেই এখন তোলপাড় জাতীয় রাজনীতি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাঘব চাড্ডার এক সমর্থক তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি পোস্ট করেন। সেখানে দাবি করা হয়, দেশের তরুণ প্রজন্ম চায় রাঘব অন্য কোনও দলে যোগ না দিয়ে নিজের একটি স্বতন্ত্র রাজনৈতিক দল গঠন করুন। ওই সমর্থকের মতে, এখন বিজেপি বা অন্য দলে গেলে রাঘবের জনপ্রিয়তা কমতে পারে। বরং তাঁর নতুন দলের নাম হতে পারে ‘জেন জি পার্টি’, যেখানে যুবসমাজ ব্যাপকভাবে তাঁর পাশে দাঁড়াবে।
চমকপ্রদ বিষয় হলো, ওই পোস্টটি এড়িয়ে যাননি রাঘব। পাল্টা মন্তব্যে তিনি লিখেছেন, "বেশ আকর্ষণীয় চিন্তাভাবনা"। তাঁর এই দু’টি শব্দই জল্পনা উসকে দিয়েছে— তবে কি অরবিন্দ কেজরিওয়ালের হাত ছেড়ে নিজের দল গড়ার পথেই হাঁটছেন তিনি? রাঘবের এই 'নতুন দল' গড়ার জল্পনাকে অবশ্য আম আদমি পার্টি খুব একটা গুরুত্ব দিচ্ছে না। আপ নেতৃত্বের দাবি, রাঘব চাড্ডা আসলে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছেন। গত দু’বছর ধরেই তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তলে তলে যোগাযোগ রাখছেন। শীঘ্রই তিনি আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখাবেন।
বিজেপিতে যোগের সম্ভাবনা নিয়ে রাঘব সরাসরি মুখ না খুললেও তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি ভিন্ন। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, রাজ্যসভায় সাংসদ হিসেবে রাঘবের আরও দু’বছর মেয়াদ বাকি আছে। এখনই অন্য দলে যোগ দিলে তাঁর সাংসদ পদ খারিজ হতে পারে। আপাতত দু’বছর তিনি আপ-এর অন্দরে থেকেই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হতে পারেন। নিজের অবস্থান স্পষ্ট করে রাঘব ইতিমধ্যেই বলেছেন, “আমাকে হয়তো নীরব করা যাবে, কিন্তু হারানো যাবে না। মানুষের পাশে থাকব, মানুষের কথা বলব।”