পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আম আদমি পার্টি (আপ) ত্যাগের কারণ স্পষ্ট করলেন রাঘব চাড্ডা। শুক্রবার দল ছাড়ার পর সোমবার একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেন, আপ-এর বর্তমান কর্মসংস্কৃতি 'বিষাক্ত' হয়ে উঠেছে এবং সেখানে সাধারণ মানুষের জন্য কাজ করার কোনো জায়গা নেই। উল্লেখ্য, রাঘব একা নন, তাঁর সঙ্গে আপ-এর আরও ৬ জন রাজ্যসভা সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন।
আরও পড়ুন:
ভিডিও বার্তায় আবেগপ্রবণ রাঘব জানান, তিনি ক্যারিয়ার গড়তে রাজনীতিতে আসেননি।
এক উজ্জ্বল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট জীবন ত্যাগ করে তিনি এই দলের প্রতিষ্ঠাতা সদস্য হয়েছিলেন। তিনি বলেন, "আমি আমার যৌবনের ১৫টি বছর এই দলকে দিয়েছি। নিজের রক্ত ও ঘাম দিয়ে এই দলকে তিল তিল করে গড়ে তুলেছি।" তাঁর অভিযোগ, সময়ের সঙ্গে সঙ্গে আম আদমি পার্টি তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে।আরও পড়ুন:
রাঘব চাড্ডা তাঁর দলবদলের নেপথ্যে তিনটি প্রধান কারণ ও বিকল্পের কথা উল্লেখ করেছেন। রাজনীতি থেকে পুরোপুরি অবসর নেওয়া, দলের ভেতর থেকে সংস্কারের চেষ্টা করা এবং দল ত্যাগ করে নতুন কোনো আদর্শে যোগ দেওয়া। শেষ পর্যন্ত তিনি তৃতীয় পথটিই বেছে নেন। তাঁর কথায়, "আমি ক্রমশ অনুভব করছিলাম যে আমি একটি ভুল দলে থাকা সঠিক মানুষ।
" ভয় পেয়ে দল ছেড়েছেন—এমন জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, "আমরা ভয় পেয়ে নয়, বরং চরম হতাশা, মোহভঙ্গ এবং বিতৃষ্ণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছি। ১-২ জন ভুল করতে পারে, কিন্তু ৭ জন সাংসদ কি একসাথে ভুল সিদ্ধান্ত নিতে পারেন?"আরও পড়ুন:
উল্লেখ্য, গত শুক্রবার ৬ জন সাংসদসহ বিজেপিতে যোগদান। রাঘব চাড্ডা এবং অন্য ৬ জন আপ সাংসদের এই পদক্ষেপকে বিজেপির সাথে 'মার্জার' বা প্রথাগত বিলয় হিসেবে দেখা হচ্ছে। কয়েক মাস ধরেই আপ নেতৃত্বের সঙ্গে রাঘবের বিরোধ চরমে উঠেছিল। সংসদে তাঁর কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে বলে তিনি আগেই অভিযোগ করেছিলেন। সোমবারের ভিডিও বার্তায় তিনি সাফ জানিয়ে দিলেন, এখন থেকে তিনি আরও বেশি শক্তি ও উৎসাহ নিয়ে সংসদে সাধারণ মানুষের সমস্যা তুলে ধরবেন।