পুবের কলম, ওয়েবডেস্ক: বর্তমান প্রজন্মের বা ‘জেন-জি’-র জীবনযাত্রা, মোবাইল আসক্তি ও মনোভাব নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। রবিবার ‘সমসাময়িক মাতৃত্ব’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, জেন-জি অনুকরণপ্রিয় ও মাত্রাতিরিক্ত আবেগপ্রবণ। তারা কোনো বিষয় নিয়ে ‘ঠান্ডা মাথায়’ বিচার-বিবেচনা করে না। নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্ককে কেন্দ্র করে জেন-জিদের টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভের মুখে দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঠিক পরদিনই এমন মন্তব্য করলেন আরএসএস প্রধান।
আরও পড়ুন:
অভিভাবকদের প্রতি নতুন প্রজন্মের জীবনযাত্রা সংক্রান্ত উদ্বেগ দূর করার পরামর্শ দিয়ে মোহন ভাগবত বলেন, বড়রা সমাজে বা নিজেদের পরিবারে যে পরিবর্তন দেখতে চান, তা আগে নিজেদের আচরণে প্রকাশ করতে হবে।
সংঘ প্রধানের বক্তব্য, “সমাজকে যেভাবে দেখতে চান, নিজে আগে সেই পরিবর্তন হয়ে উঠুন। সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো কমান এবং মোবাইলের ব্যবহারের ক্ষেত্রে শৃঙ্খলা বা ডিসিপ্লিন বজায় রাখুন। আমরা সবসময় সরকারের দিকে তাকিয়ে থাকি— অমুক বা তমুক আইন করা উচিত। কিন্তু আমাদের ঐতিহ্য অনুযায়ী সমাজে সরকারের স্থান দ্বিতীয়, সমাজই প্রথম। এই শৃঙ্খলা আমরা নিজেদের বাড়িতেই শুরু করতে পারি।”আরও পড়ুন:
বিয়ে এবং লিভ-ইন সম্পর্কের বৈপরীত্য নিয়ে কথা বলতে গিয়ে মোহন ভাগবত ভারতীয় ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে তুলনা টানেন। তিনি বলেন, “বিবাহ একটি সামাজিক অনুশাসন, যা ধর্মাচরণ ও মূল্যবোধের ভিত গড়ে তোলে। তার বিকল্প হিসেবে এখন উঠে এসেছে লিভ-ইন রিলেশনশিপ, যাকে আধুনিকতা বলা হচ্ছে। কিন্তু এর পরিণতি কী? আমরা দায়িত্ব নিতে চাই না, শুধু আনন্দ বা সুখটুকু চাই। যতদিন মন চাইল একসঙ্গে থাকলাম, ভালো না লাগলেই আলাদা হয়ে গেলাম— কোনো দায়বদ্ধতা নেই। এর ফলে কী সামাজিক ব্যাধি বাড়ছে, তা গোটা বিশ্বের দিকে তাকালেই বোঝা যায়।”