পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত অদূর ভবিষ্যতে ‘বিশ্বগুরু’ হয়ে সারা বিশ্বকে পথ দেখাবে এবং এই নিয়ে কারও মনে কোনো সংশয় থাকা উচিত নয়। শুক্রবার নাগপুরের জামথা এলাকায় ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘ভারত দুর্গা শক্তি স্থল’ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমনই দাবি করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মোহন ভাগবত তাঁর বক্তৃতায় রাম মন্দির আন্দোলনের প্রসঙ্গে বলেন, “একটা সময় বহু মানুষ সন্দেহ প্রকাশ করেছিলেন যে রাম মন্দির আদৌও নির্মিত হবে কি না। কিন্তু আজ তা বাস্তব। ঠিক একইভাবে, ভারতের ‘বিশ্বগুরু’ হওয়াও সময়ের অপেক্ষা।
যা নিয়তি, তা ঘটবেই।”আরও পড়ুন:
নাগপুরে মন্দির নির্মাণের প্রেক্ষাপট ব্যাখ্যা করে সঙ্ঘ প্রধান জানান, এই মন্দিরের ধারণাটি ছিল প্রয়াত মোরোপন্ত পিংলে-র। বন্দে মাতরম্ মন্ত্রে অনুপ্রাণিত হয়ে তিনি অনুভব করেন, ভারত মাতার রূপ হওয়া উচিত দশভুজা দেবী দুর্গার মতো। তাঁর মতে, “শক্তি ছাড়া এই পৃথিবীতে শুধু সত্য টিকে থাকতে পারে না। ভারত সত্যের পথে চললেও, বর্তমান বিশ্ব কেবল শক্তির ভাষাই বোঝে।
তাই জ্ঞান ও প্রজ্ঞার পাশাপাশি শক্তির আরাধনাও জরুরি।”আরও পড়ুন:
ভারতীয়দের নিজেদের শিকড়ে ফেরার ডাক দিয়ে মোহন ভাগবত বলেন, গত ১৫০ বছরের ঔপনিবেশিক বা পশ্চিমা চশমা দিয়ে ভারতকে দেখলে চলবে না। ভারতকে বুঝতে হলে এর সভ্যতা ও মূল্যবোধকে বুঝতে হবে। দৈনন্দিন জীবনে ভাষা, পোশাক এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে লালন করতে হবে। পশ্চিমা চিন্তাধারার আবরণ সরিয়ে ফেলে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করা। ভাগবত বলেন, “ভারত মাতা-র পূজা করার অর্থ হলো নিজেকে ভারতের যোগ্য করে গড়ে তোলা।”