পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধকালীন পরিস্থিতি এবং তার জেরে বিশ্ব অর্থনীতি ও ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানান, ভারত এই সংকটের সমাধান হিসেবে বরাবরই ‘কূটনীতি ও আলোচনা’র পথে হাঁটার পক্ষপাতী। একইসঙ্গে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা ও পণ্য পরিবহণে বাধা সৃষ্টির কড়া সমালোচনা করেন তিনি।
 
প্রধানমন্ত্রী জানান, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি ব্যক্তিগতভাবে একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন। তাঁর কথায়, "আমি পশ্চিম এশিয়ার অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দু’বার করে কথা বলেছি।

আমরা সমস্ত উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইরান, ইজরায়েল এবং আমেরিকার সঙ্গেও নিরন্তর যোগাযোগ রাখছি। আমাদের লক্ষ্য হলো আলোচনার মাধ্যমে ওই অঞ্চলে পুনরায় শান্তি প্রতিষ্ঠা করা।"
 
আন্তর্জাতিক সমুদ্রপথে বিশেষ করে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ভারত বরাবরই অসামরিক পরিকাঠামো, পরিবহণ এবং জ্বালানি খাতের ওপর হামলার বিরোধিতা করে এসেছে। যুদ্ধের আবহেও ভারতীয় জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে। পশ্চিম এশিয়ার এই সংকটকে কেবল একটি আঞ্চলিক সমস্যা হিসেবে না দেখে মানবিকতার খাতিরে দেখার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।