পুবের কলম, ওয়েবডেস্ক: গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও রক্তক্ষয়ী সংঘর্ষের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করল কংগ্রেস। গাজা ও লেবাননে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নীরবতাকে ‘অমানবিক’ এবং ‘ভারতের সনাতন সভ্যতার মূল্যবোধের পরিপন্থী’ বলে আখ্যা দিয়েছে দেশের প্রধান বিরোধী দল। সোমবার কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ প্রধানমন্ত্রী মোদিকে "স্বঘোষিত ও পুরস্কার-ক্ষুধার্ত বিশ্বগুরু" বলে কটাক্ষ করেন। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্সের একটি মন্তব্যের পালটা জবাব দিতে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিশ্বমঞ্চে ভারতের সমর্থনের কথা তুলে ধরেন। নেতানিয়াহুর সেই দাবিকে খণ্ডন করেই এদিন কংগ্রেসের পক্ষ থেকে এই কড়া বিবৃতি দেওয়া হয়েছে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ স্পষ্ট ভাষায় জানান যে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি সম্পূর্ণ ভুল। তিনি বলেন, "মিঃ নেতানিয়াহু ভুল বলছেন। নিঃসন্দেহে ইসরায়েল এখন 'মোদানি' সাম্রাজ্যের অংশ এবং নরেন্দ্র মোদি তাঁর প্রতি অন্ধভাবে অনুগত। কিন্তু কোটি কোটি ভারতীয় গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার তীব্র নিন্দা করেন—যেখানে শিশুরাও রেহাই পায়নি। কোটি কোটি ভারতীয় পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ, ইরানে বিমান হামলা ও সুনির্দিষ্ট হত্যাকাণ্ড এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলের নৃশংস সামরিক অভিযানের বিরোধী।

এগুলো মানবতার ওপর চরম আঘাত।" জয়রাম রমেশের দাবি, নেতানিয়াহুর কাছ থেকে সমর্থনের শংসাপত্র পাওয়া ভারতের জন্য কোনো গৌরবের বিষয় নয়। কারণ নেতানিয়াহু নিজেই আজ আন্তর্জাতিক মহলে কোণঠাসা। এমনকি হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী মোদির ‘ভালো বন্ধু’ (মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প)-ও নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ও বিরক্ত।

সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে ইসরায়েলকে আমেরিকা ও ইরানের মধ্যকার শান্তি আলোচনাকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছিলেন।

মার্কিন-ইরান চুক্তি নিয়ে ইসরায়েলি নেতাদের অসন্তোষের খবরের জবাবে ভ্যান্স কড়া সুরে বলেছিলেন, "আমি যদি ইসরায়েল সরকারের ক্যাবিনেটে থাকতাম, তবে বিশ্বের বুকে আমার একমাত্র অবশিষ্ট শক্তিশালী মিত্রকে (আমেরিকা) এভাবে আক্রমণ করতাম না।" 

ভ্যান্সের এই দাবির পালটা দিতে গিয়েই ‘ফক্স নিউজ’-এর রবিবাসরীয় সাক্ষাৎকারে ভারতের প্রসঙ্গ টানেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, বিশ্বে আমেরিকার বাইরেও তাঁদের অনেক বন্ধু রয়েছে। নেতানিয়াহু বলেন, "আমাদের ভারত নামে একটা ছোট বন্ধু দেশ আছে, যেখানে ১৪০ কোটি মানুষের বাস। সেখানে আমরা অভাবনীয় সমর্থন পাচ্ছি। আমার একটা ফেসবুক পেজ আছে। সেখানে আমি ভারতীয়দের কাছ থেকে উপচে পড়া সমর্থন পাচ্ছি। ফলে ভ্যান্সের এই দাবি ঠিক নয় যে আমাদের কোনো মিত্র নেই।"