আবদুল ওদুদ: পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি ২০২৭ সালের হজযাত্রার জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়া আগামী ২০ জুলাই পর্যন্ত চলবে। আবেদন প্রক্রিয়াটি জেলাস্তরে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং হজযাত্রীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে শনিবার নিউটাউনে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
এই সভায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মুহাম্মদ নকী উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে জানান, হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি না রেখে রাজ্যের বিভিন্ন জেলা থেকে যাতে আরও বেশি সংখ্যক মুসলিম নাগরিক আবেদন করেন, সেই ব্যাপারে উদ্যোগী হতে হবে। একইসঙ্গে, সাধারণ মানুষের কাছে আবেদনের গুরুত্ব তুলে ধরতে এবং বিভিন্ন মসজিদ ও এলাকায় প্রচার কাজ চালাতে তিনি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাছে বিশেষ আহ্বান জানিয়েছেন। হজ ইসলামের পাঁচটি অন্যতম করণীয় কাজের মধ্যে অন্যতম সে বিষয়েও মুসলিমদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। যাতে আর্থিকভাবে যারা স্বাবলম্বী এবং যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন অবশ্যই হজ পালন করেন।
পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন কয়েক লক্ষ বার ওমরাহ্ পালন করলেও একটি হজের মতো সওয়াব পাওয়া যাবে না, এই বিষয়ে মানুষকে সচেতন করেন।
রাজ্য হজ কমিটির তরফে জানানো হয়েছে, এই প্রক্রিয়াটি আরও দ্রুত সম্পন্ন করতে হবে, যাতে রাজ্য থেকে হজযাত্রীর সংখ্যা বাড়ানো সম্ভব হয়। তাই জেলা ডোমা অফিস এবং অন্যান্য দফতরের সহায়তায় আবেদনের কাজ দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য বিশেষ জোর দেওয়া হচ্ছে।
নিউটাউনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, মাওলানা আশরাফুল রহমান, জিয়ারুল হক এবং মুফতি রফিকুল ইসলাম প্রমুখ। চলতি বছরের হজ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিলেন সেই সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাদের এ দিন সংবর্ধিত করা হয় রাজ্য হজ কমিটির পক্ষ থেকে।