পুবের কলম ওয়েব ডেস্ক: রেল স্টেশন চত্বরকে জঞ্জালমুক্ত রাখতে নতুন উদ্যোগ নিল পূর্ব রেল। শনিবার হাওড়া স্টেশনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর একটি নতুন হোয়াটসঅ্যাপ নম্বরের সূচনা করেন। এই নম্বরে (৯০০২০-২২৭৮০) কোনও যাত্রী বা সাধারণ মানুষ জঞ্জালের ছবি এবং সঠিক লোকেশন পাঠালে তা দ্রুততার সঙ্গে পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে জেনারেল ম্যানেজার নিজে রেলের অফিসার ও কর্মীদের নিয়ে প্ল্যাটফর্মে হাতে ফেস্টুন নিয়ে মিছিল করে যাত্রীদের মধ্যে স্বচ্ছতা অভিযানের প্রচারে অংশ নেন। তিনি জানান, রেলের পক্ষ থেকে আগেই লাইন পরিষ্কার রাখার প্রচার শুরু হয়েছিল, যার ফলে যাত্রীরা লাইনে জঞ্জাল ফেলা আগের তুলনায় কমিয়েছেন।
এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘ইস্টার্ন রেলওয়ে ইজ ওয়াচিং ইউ’ (পূর্ব রেলওয়ে আপনার ওপর নজর রাখছে), যা চলতি বছরের এপ্রিলে শুরু হওয়া পরিচ্ছন্নতা সচেতনতা অভিযানের দ্বিতীয় পর্ব। এই পর্বে স্টেশন চত্বরে নোংরা ফেলা ও থুতু ফেলার বিরুদ্ধে নেওয়া হয়েছে কঠোর জিরো টলারেন্স নীতি। কোনও যাত্রী অপরাধীর ছবি তুলে সঠিক লোকেশন-সহ হোয়াটসঅ্যাপে পাঠালে সেই ব্যক্তিকে ‘ক্যাপ্টেন ক্লিন’ হিসেবে সম্মানিত করা হবে এবং পূর্ব রেলের পক্ষ থেকে দেওয়া হবে অফিশিয়াল প্রশংসাপত্র।
নজরদারি আরও আধুনিক করতে স্টেশন চত্বরে বসানো হচ্ছে ফেস রিকগনিশন ক্যামেরা, যার মাধ্যমে নিয়ম ভেঙে পালিয়ে যাওয়া যাত্রীকেও পরবর্তীতে সহজে শনাক্ত করা যাবে।