পুবের কলম ওয়েব ডেস্ক: মহাকাশ বিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন করে বিজ্ঞানীরা পৃথিবী থেকে ২৫ আলোকবর্ষ দূরে ‘জিজে ৩৩৭৮বি’ নামক একটি পাথুরে গ্রহের সন্ধান পেয়েছেন। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ম্যাকডোনাল্ড পর্যবেক্ষণকেন্দ্রে হবি-এবারলি টেলিস্কোপের সাহায্যে সংগৃহীত তথ্যে গ্রহটিকে প্রাণের বসবাসের জন্য সম্ভাব্য উপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মহাজাগতিক বিশালতার তুলনায় ২৫ আলোকবর্ষ দূরত্বকে অত্যন্ত নিকটবর্তী হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। আকাশগঙ্গা ছায়াপথের বিস্তৃতি যেখানে প্রায় এক লক্ষ আলোকবর্ষ, সেখানে এই দূরত্ব আমাদের মহাজাগতিক প্রতিবেশী হিসেবেই গণ্য হয়।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী পল রবার্টসনের মতে, এই নৈকট্যই গ্রহটিতে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানে গবেষকদের আশাবাদী করে তুলেছে।

প্রাথমিক গবেষণায় গ্রহটির ভর পৃথিবীর পাঁচগুণ মনে করা হলেও, আধুনিক প্রযুক্তির পরীক্ষায় তা পৃথিবীর ২.৩ গুণ বলে প্রমাণিত হয়েছে। এই পরিমাপ থেকেই বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে, জিজে ৩৩৭৮বি একটি পাথুরে গ্রহ বা ‘সুপার আর্থ’। এটি একটি লাল বামন নক্ষত্রকে ২১ দিনে একবার প্রদক্ষিণ করে।

গ্রহটি বাসযোগ্য কি না, তা যাচাইয়ের প্রধান শর্ত হিসেবে সেখানে জল বা তরল পদার্থের উপস্থিতির অনুসন্ধান করছেন গবেষকরা।

যদিও গ্রহটির বায়ুমণ্ডল নিয়ে বিজ্ঞানীদের একাংশ সংশয় প্রকাশ করেছেন, তবুও এই আবিষ্কার মহাকাশ গবেষণায় নতুন মাত্রা যোগ করেছে। গবেষক মাইকেল এন্ডলের ভাষায়, আমাদের ছায়াপথের ৭০ শতাংশ নক্ষত্রই লাল বামন, যাদের ঘিরে থাকা পাথুরে গ্রহগুলোতে প্রাণের সন্ধান করাই বর্তমান জ্যোতির্বিজ্ঞানের মূল লক্ষ্য। তবে বর্তমান প্রযুক্তিতে কোনো মহাকাশযানের পক্ষে এই দূরত্ব অতিক্রম করা প্রায় অসম্ভব। মানুষের তৈরি দ্রুততম যান ভয়েজার  ১-এর গতিতে সেখানে পৌঁছতে প্রায় ৪ লক্ষ ৪১ হাজার বছর সময় লাগবে। তবুও এই দূরত্বকে প্রাণের খোঁজে নতুন এক আশার আলো হিসেবে দেখছেন বিজ্ঞানীরা।