কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের ঠিক আগেই কলকাতার সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা মূর্তিটি ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের দাবি, শুধু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিই নয়, গোপাল মুখোপাধ্যায়ের একটি বেদিও ভাঙচুর করা হয়েছে।

ইতিমধ্যে আমহার্স্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
আগামী সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যজুড়ে জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সরকারি নির্দেশ অনুযায়ী, প্রতিটি জেলায় জেলাশাসকের নেতৃত্বে উদযাপন কমিটি গঠন করা হবে। কমিটিতে পুলিশ সুপার বা সংশ্লিষ্ট পুলিশ কমিশনার, অতিরিক্ত জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিদ্যালয় পরিদর্শক-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক থাকবেন। এছাড়া স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ও আইটিআই-তে বিশেষ সমাবেশ, বক্তৃতা, প্রবন্ধ, বিতর্ক এবং কুইজ প্রতিযোগিতার আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

এরই মধ্যে মূর্তি ভাঙচুরের ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে দ্রুত অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।