টিভিকে সভাপতি তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালপতি বিজয়কে নিয়ে ‘আপত্তিকর’ ও ‘মানহানিকর’ মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার করা হল ডিএমকে বিধায়ক অনিথা রাধাকৃষ্ণনকে। শুক্রবার মাদ্রাজ হাই কোর্ট তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জুন মাসে প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজয়কে কটাক্ষ করেন রাধাকৃষ্ণন। অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রীর চেহারা এবং চলচ্চিত্র জগৎ থেকে রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে উপহাস করেন এবং বিধানসভায় তাঁর আচরণ নিয়েও কটূক্তি করেন।
বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর মামলা শুরু হয়।
শুক্রবার আদালত থেকে স্বস্তি না মেলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।ডিএমকে নেতার গ্রেপ্তারির পর তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিরোধী শিবিরের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই পদক্ষেপ করেছে রাজ্য সরকার।
আরও পড়ুন:
ডিএমকে সাংসদ কানিমোঝি এই গ্রেপ্তারির তীব্র নিন্দা করে বলেন, বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং সরকারের এই পদক্ষেপ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তাঁর দাবি, বিরোধী নেতাদের বিরুদ্ধে দমনমূলক আচরণ করছে শাসক শিবির।
ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এবং ডিএমকে কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।