পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের আবহে রক্তাক্ত হুগলির পাণ্ডুয়া। বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় আহত আরও দুই কিশোর। আহত এক কিশোরের বাঁ-হাত উড়ে গিয়েছে। অপরজনের পায়ের পাতা উড়ে গেছে। আহত দুজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। আহতরা হুগলির ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। পাণ্ডুয়ার তিন্না নেতাজিপল্লীর কলোনিতে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড। ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। আরও কিছু বিস্ফোরক থাকলে তার খোঁজ করা হচ্ছে।
দুর্ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে পারিবারিক ষড়যন্ত্রের যোগসূত্র রয়েছে বলে খবর সামনে আসছে।আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নিহত কিশোরের নাম রাজ বিশ্বাস ( ১১)। রাজের বাড়ি পূর্ব বর্ধমানে। পাণ্ডুয়াতে তার মামাবাড়ি। গরমের ছুটিতে মামাবাড়িতে এসেছিল সে। সোমবার সকালে পাড়ারই আরও দুই বন্ধুর সঙ্গে রাস্তায় ক্রিকেট খেলছিল। খেলার সময়ে বল গিয়ে পড়ে পুকুর পাড়ে। সেখানে আবর্জনার মধ্যে একটি বালতি রাখা ছিল। বুঝতে না পেরে বল তুলতে গিয়ে ওই বালতির মধ্যেই হাত ঢোকায়। তাতেই বিস্ফোরণ।
বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আহত কিশোরের নাম রূপম বল্লভ। অপর জনের নাম সৌরভ চৌধুরী।আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দেখি বাচ্চা ছেলেগুলি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তড়িঘড়ি জখম তিনজনকে উদ্ধার করে প্রথমে পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা একজনের মৃত্যু হয়েছে বলে জানান। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
আরও পড়ুন:
হুগলির পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে কিশোরের মৃত্যুতে এনআইএ তদন্তের দাবি জানিয়ে পথে নামেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লকেট বলেন, 'আজ এখানে অভিষেকও আসছেন। তার আগে ওঁকে তৃণমূলের কর্মীরা দেখাচ্ছেন, কে কত বড় আসামি। গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রের মৃত্যু চলছে। যেভাবে বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে মানুষের উপর তৃণমূলের বিশ্বাস নেই। তারা বন্দুকের উপর, বোমার উপর বিশ্বাস করে।
কাউকে ছাড়া হবে না। ওরা অভিষেককে স্বাগত জানাচ্ছে শিশুকে হত্যা করে। এত বড় সাহস ওদের'।আরও পড়ুন:
ধনেখালির বিধায়ক তথা পাণ্ডুয়া বিধানসভা কেন্দ্রে দলের তরফে দায়িত্বপ্রাপ্ত অসীমা পাত্রকে আক্রমণ করে লকেট বলেন, 'উনি এই ঘটনার মূল কারিগর। হাতে বোমা নিয়ে তিনি প্রার্থীকে জেতানোর কথা বলেছেন। এর জবাব দেবে মানুষ'। সুর চড়িয়েছেন দমদম কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তী। সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের মুখপাত্র তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন বলেন, 'যে দল মানুষের আশীর্বাদ নিয়ে আরও বেশি ভোটে জেতার জায়গায় রয়েছে, তাদের এই সব বোমাগুলির প্রয়োজন পড়ে না। বিরোধীদের এ সবের প্রয়োজন হলেও হতে পারে। আগামী ৪ জুনই প্রমাণ হয়ে যাবে মানুষ কাদের সঙ্গে রয়েছে।”
আরও পড়ুন:
পাণ্ডুয়ায় হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই বড়সড় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন: