পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রতীক ও দলীয় তহবিল নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার তৃণমূল ভবনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সংঘাত সামনে এল। শুক্রবার সন্ধ্যায় ইএম বাইপাস সংলগ্ন তৃণমূল ভবনে পৌঁছে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের নেতারা। তাঁদের দাবি, এই কার্যালয়ই দলের প্রকৃত কর্মীদের আবেগের কেন্দ্র এবং ভবিষ্যতেও সেখান থেকেই সাংগঠনিক কাজ পরিচালিত হবে।
আরও পড়ুন:
ঋতব্রত শিবিরের নেতাদের উপস্থিতির পর কার্যালয়ের প্রধান ফটকে নতুন পোস্টার টাঙানো হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না।
পরিবর্তে দলীয় চেয়ারম্যান হিসেবে অরূপ রায়ের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি কার্যালয়ের মূল ফটকে নতুন তালা লাগানো হয় বলেও জানা গেছে। ঋতব্রত শিবিরের অন্যতম নেতা আখরুজ্জামান আনসারি দাবি করেন, বাড়ির মালিক মন্টু সাহার সঙ্গে তাঁদের একটি চুক্তি হয়েছে এবং সেই ভিত্তিতেই তাঁরা কার্যালয়ে বসার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, এই ভবন দীর্ঘদিন ধরে তৃণমূল কর্মীদের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। সেই কারণেই তাঁরা এখান থেকেই সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে চান। তিনি আরও জানান, কার্যালয়ের চাবি আপাতত তাঁদের কাছেই থাকবে।আরও পড়ুন:
অন্যদিকে, ঘটনাস্থলে পৌঁছন তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং দলের তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেত্রী উপাসনা চৌধুরী। তবে মূল ফটকে তালা থাকায় তাঁরা কার্যালয়ের ভিতরে প্রবেশ করতে পারেননি। কুণাল ঘোষ এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। তাঁর অভিযোগ, যাঁরা এখন কার্যালয়ের দখল দাবি করছেন, তাঁরা দলের আনুষ্ঠানিক কাঠামোর বাইরে গিয়ে পদক্ষেপ করছেন। তিনি জানান, কোনওভাবেই তাঁরা জোর করে তালা ভেঙে প্রবেশ করবেন না এবং পুরো বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হবে।