মেঘালয়ের বহুচর্চিত রাজা রঘুবংশী হত্যা মামলায় মূল অভিযুক্ত সোনম রঘুবংশীর জামিন আপাতত বহাল রাখল দেশের শীর্ষ আদালত। শুক্রবার মামলার শুনানিতে আদালত জানায়, অভিযুক্ত ইতিমধ্যেই জামিনে মুক্ত থাকায় এই মুহূর্তে সেই জামিন বাতিল করা হচ্ছে না। তবে মামলার বিচারপ্রক্রিয়ার উপর আদালত নিবিড় নজর রাখবে।

বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি শীল নাগুরের ডিভিশন বেঞ্চে এদিন মামলার শুনানি হয়।

সোনমের জামিন বাতিলের আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মেঘালয় সরকার। অভিযোগ, গ্রেপ্তারের সময় পদ্ধতিগত ত্রুটির কারণে নিম্ন আদালত সোনমকে জামিন দেয়। পরে সেই রায়কে চ্যালেঞ্জ করা হলেও মেঘালয় হাই কোর্টও জামিন বহাল রাখে। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

শুনানিতে সলিসিটার জেনারেল তুষার মেহতা দাবি করেন, একটি ছোট টাইপগত ভুলকে ভিত্তি করেই অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত বছর মে মাসে ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী ও সোনমের বিয়ে হয়। বিয়ের পর হানিমুনে মেঘালয়ে যান নবদম্পতি। পরে সোহরা এলাকায় ঘুরতে গিয়ে তাঁরা নিখোঁজ হয়ে যান।

কয়েক দিন পর একটি খাদ থেকে উদ্ধার হয় রাজার ক্ষতবিক্ষত দেহ। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্রও উদ্ধার হয়েছিল।

প্রথমে সোনমের কোনও খোঁজ না মিললেও পরে উত্তরপ্রদেশের গাজিপুরের একটি ধাবা থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। মেঘালয় পুলিশের দাবি, প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করেই স্বামীকে খুনের ছক কষেছিলেন সোনম। এই ঘটনায় তাঁর কথিত প্রেমিক রাজ সিং কুশওয়া এবং আরও কয়েকজনকেও গ্রেপ্তার করা হয়।
দেশজুড়ে আলোড়ন ফেলা এই হানিমুন হত্যা মামলার বিচারপ্রক্রিয়ার উপর এখন নজর রাখছে দেশের শীর্ষ আদালত।