পুবের কলম ওয়েব ডেস্কঃ পুলিশ হেফাজতে থাকা অবস্থায় জনসমক্ষে ঘোরানো, কটূক্তি ও অপমানের শিকার হওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তিনি আদালতে মামলা দায়েরের আবেদন জানিয়েছেন। হাইকোর্ট সেই আবেদন গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর ভাঙড় বিস্ফোরণ মামলায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে গ্রেপ্তার হন শওকত মোল্লা। পরে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার পুলিশও তাঁকে গ্রেপ্তার করে।

ওই মামলায় পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বৃহস্পতিবার তাঁকে ক্যানিংয়ের জীবনতলা বাজারে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার পুনর্নির্মাণের জন্য। অভিযোগ, সেখানে জনসমক্ষে তাঁকে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। সেই সময় উপস্থিত মানুষের একাংশ তাঁর বিরুদ্ধে স্লোগান দেয় এবং তাঁকে উদ্দেশ্য করে ""মাছচোর গান বাজানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ বিভিন্ন মন্তব্য ও কটূক্তিও করেন বলে জানা গিয়েছে। শওকত মোল্লার দাবি, পুলিশি হেফাজতে থাকা অবস্থায় পুলিশের এরকম আচরণ তাঁর মৌলিক অধিকার ও মানবাধিকারের পরিপন্থী।

জনসমক্ষে অপমানিত করার সুযোগ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। সেই কারণেই নিজের মানবাধিকার রক্ষার দাবিতে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন।

উল্লেখ্য, এর আগেও ধৃত ব্যক্তিদের কোমরে দড়ি বেঁধে বা অর্ধনগ্ন অবস্থায় জনসমক্ষে ঘোরানোর ঘটনায় কড়া অবস্থান নিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালত এমন আচরণকে মানবাধিকার লঙ্ঘনের সামিল বলে মন্তব্য করে পুলিশকে সতর্ক করেছিল। সেই সঙ্গে এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল।