পুবের কলম, ওয়েবডেস্ক: ইথানল মিশ্রিত ই২০ (E20) পেট্রোল ব্যবহারের ফলে গাড়ির মাইলেজ কিছুটা কমতে পারে—এই প্রথমবার জনসমক্ষে এমন সম্ভাবনার কথা স্বীকার করল কেন্দ্রীয় সরকার। তবে একই সাথে গাড়িচালকদের আশ্বস্ত করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, মাইলেজ সামান্য কমলেও এর পেছনে কেবল ইথানল নয়, আরও অনেক পারিপার্শ্বিক কারণ থাকতে পারে।

নয়াদিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "অনেকেই বলছেন যে এই জ্বালানি ব্যবহারের ফলে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে। তবে এটি এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে রেসিং কারেও ইথানল ব্যবহার করা হয়।

এর ফলে গাড়ির অ্যাক্সিল্যারেশন (গতি বৃদ্ধি) ভালো হয়। এছাড়া ইঞ্জিনের ‘নকিং’ (অভ্যন্তরীণ ঘর্ষণজনিত শব্দ)-এর সমস্যাও কমে। তবে হ্যাঁ, মাইলেজ সামান্য কমতে পারে। তবে সেই সামান্য ড্রপ বা খামতি বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে।
"

ই২০ পেট্রোল (যা ২০% ইথানল এবং ৮০% পেট্রোলের মিশ্রণ) ব্যবহারের ফলে গাড়ির কোনো ক্ষতি হলে বীমা বা ইন্সুরেন্সের টাকা পাওয়া যাবে না—বাজারে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনকেও সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি স্পষ্ট জানান, "কেউ কেউ রটাচ্ছেন যে এই জ্বালানি ব্যবহার করলে গাড়ির ইন্সুরেন্স কভারেজ পাওয়া যাবে না। কিন্তু বীমা কোম্পানিগুলি ইতিমধ্যেই এই বিষয়ে স্পষ্টীকরণ দিয়ে জানিয়ে দিয়েছে যে এমন কোনো সমস্যা বা নিয়ম নেই।" তিনি আরও বলেন, সিয়াম এবং এআরএআই-এর মতো দেশের শীর্ষ গাড়ি প্রযুক্তি ও উৎপাদনকারী সংস্থাগুলির সাথে সবরকম আলোচনার পরই কেন্দ্র বাজারে ই২০ পেট্রোল এনেছে।