পুবের কলম, ওয়েবডেস্ক: দেশজুড়ে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিন বিকল হওয়া বা মাইলেজ কমে যাওয়ার মতো যে সমস্ত দাবি সমাজমাধ্যমে করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভ্রান্ত বলে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। এই বিতর্ককে "ভুল তথ্য পরিবেশন এবং ভুল ব্যাখ্যার" ফল বলে বর্ণনা করেছেন তিনি। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানালেও জৈব জ্বালানি মিশ্রণ নিয়ে ছড়ানো কোনো গুজব বা রটনাকে প্রশ্রয় দেবে না।
আরও পড়ুন:
বিশেষ করে ‘ই২০’ পেট্রোল নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্ক নিয়ে প্রশ্ন তুলে হরদীপ সিং পুরী বলেন, এই জ্বালানি এক বছরেরও বেশি সময় ধরে সারা দেশে পাওয়া যাচ্ছে। এতদিন কোনো সমস্যা না হলেও আচমকা কেন এই বিষয়টিকে নিয়ে জলঘোলা করা হচ্ছে, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।
আরও পড়ুন:
কেন্দ্রীয় মন্ত্রী খবরের সত্যতা তুলে ধরে পরিসংখ্যান দিয়ে জানান, দেশের কোটি কোটি যানবাহন কোনো রকম বড় অভিযোগ ছাড়াই এই জ্বালানিতে চলছে। তিনি বলেন, "এখানে কিছু ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বর্তমানে দেশের রাস্তায় ২০ কোটি দু-চাকা গাড়ি এবং ২০ লাখ চার-চাকা গাড়ি এই ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহার করেই চলছে। অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা থেকে শুরু করে গাড়ি সার্ভিসিংয়ের সাথে যুক্ত ব্যক্তিরা—সকলেই একযোগে জানিয়েছেন যে এতে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে হঠাৎ করে এই বিষয় নিয়ে এত আগ্রহ বা বিতর্কের কারণ কী?
" তিনি মনে করিয়ে দেন, ভারত রাতারাতি ই২০ জ্বালানিতে পৌঁছায়নি। এর আগে তিন বছরেরও বেশি সময় ধরে দেশে ‘ই১৫’ পেট্রোল সফলভাবে ব্যবহার করা হয়েছে। ফলে এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত ধীর গতিতে এবং নিবিড় নজরদারির মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।আরও পড়ুন:
ভবিষ্যতে পেট্রোলে ইথানলের মাত্রা আরও বাড়িয়ে ২৫ শতাংশ করার বিষয়ে যে জল্পনা চলছে, সেটিকেও স্পষ্ট করেছেন পুরী। তিনি জানান, সরকার আপাতত এই বিষয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে এবং সেই রিপোর্ট আসতে সময় লাগবে।
তিনি বলেন, "পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর আমরা তা খতিয়ে দেখব। তারপর গাড়ি প্রস্তুতকারক সংস্থাসহ সমস্ত অংশীদারদের সাথে বিশদ আলোচনা করা হবে। আমি নিজে গাড়িও তৈরি করি না, আবার জ্বালানিও বানাই না। কিন্তু দেশের গাড়ি নির্মাতারা ই২০ জ্বালানি নিয়ে সম্পূর্ণ স্বস্তিতে রয়েছেন এবং তাঁরা প্রত্যেকেই এই বিষয়ে ইতিবাচক বিবৃতি দিয়েছেন।"আরও পড়ুন:
একই সাথে উচ্চ মাত্রার ইথানল যুক্ত ‘ই৮৫’ জ্বালানি বাজারে আনার প্রসঙ্গে মন্ত্রী জানান, এর জন্য দেশের পেট্রোল পাম্পগুলিতে নতুন ডিসপেন্সিং মেশিন বা পরিকাঠামো তৈরি করতে হবে। তাই এই ‘ই৮৫’ জ্বালানি দেশজুড়ে চালু হতে এখনো বেশ কিছুটা সময় লাগবে। সব মিলিয়ে, দেশের পরিবেশ ও অর্থনীতি রক্ষা করার এই গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে দেশবাসীকে কোনো রকম গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।