পুবের কলম ওয়েব ডেস্কঃ পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকেই বিশ্ব জুড়ে জ্বালানী সংকট দেখা দিয়েছে। ভারতও তার বাইরে নয়। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানী খরচ কমানোর বার্তা দিয়েছেন। তা ঘিরে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে।
তার মধ্যেই আরও একবার কেন্দ্রের তরফে জানানো হল ভারতে কতদিনের জন্য তেল ও এলপিজি মজুত রয়েছে।আরও পড়ুন:
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী আশ্বস্ত করে জানিয়েছেন, অপরিশোধিত তেল, এলএনজি এবং এলপিজি-র ক্ষেত্রে ভারতে কোনও খামতি নেই। ফলে জ্বালানির সমস্যা আপাতত দেশে নেই। তিনি জানান, পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে এলপিজি উৎপাদনে জোর দেওয়া হচ্ছে।
তিনি জোর দিয়ে জানিয়েছেন, বর্তমানে ভারত প্রতিদিন ৫৪ হাজার টন এলপিজি তৈরি করছে। এছাড়াও, কতদিনের জন্য জ্বালানী মজুত আছে সেই বার্তাও দিয়েছেন তিনি। মন্ত্রীর কথায়, দেশে অপরিশোধিত তেল এবং এলএনজি মজুত আছে ৬৯ দিনের মতো। আর ৪৫ দিনের মতো এলপিজি মজুত রয়েছে। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন তাতে অযাথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তাঁর মতে, পশ্চিম এশিয়ায় যে সংঘাত চলছে তাতে আর্থিক চাপ কমানোর জন্য এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর এই বার্তাকে স্বাগত জানানো উচিত।আরও পড়ুন:
এর আগে সোমবার বিভিন্ন মন্ত্রকের আধিকারিকদের জউথ বৈঠকের পর পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্মসচিব জানিয়েছিলেন ভারতে পর্যাপ্ত পরিমাণ অপরিশোধিত তেল, এলপিজি, পেট্রল, ডিজ়েল রয়েছে। একইসঙ্গে বিকল্প পথের কথাও ভাবা হচ্ছে বলে তিনি জানান। এবার কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করে দিলেন, জ্বালানী সরবরাহে কোনও সমস্যার মুখোমুখি হবে না ভারত।