পুবের কলম ওয়েব ডেস্ক: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপলক্ষে তারেক রহমানের কাছে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার কথা উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন:
ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গিয়েছে, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি কুরবানির ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি। বার্তায় তিনি বলেন, ঈদ উল আযহা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।
প্রতিবছর দেশজুড়ে কোটি কোটি মুসলমান আনন্দ, উৎসাহ ও ধর্মীয় মর্যাদার সঙ্গে এই উৎসব উদযাপন করেন। ঈদ উল আযহার তাৎপর্য তুলে ধরে মোদি বলেন, এই উৎসব ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মহান আদর্শের প্রতীক। এই মূল্যবোধ শান্তিপূর্ণ, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করে।আরও পড়ুন:
ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশ ইতিহাস, সংস্কৃতি, আত্মত্যাগ ও পারস্পরিক বিশ্বাসের বন্ধনে গভীরভাবে আবদ্ধ।
শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।তিনি আরও জানান, দুই দেশের জনগণের কল্যাণে বাণিজ্য, যোগাযোগ, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত আগ্রহী। ভবিষ্যতেও এই সহযোগিতা দুই দেশের মানুষের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশার কথা ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন:
শুভেচ্ছাবার্তার শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন নরেন্দ্র মোদি। একইসঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী।