পুবের কলম ওয়েব ডেস্কঃ রবিবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে সৌদি আরবে। সোমবার হবে জিলহজ মাসের প্রথম দিন। ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদ-উল-আযহা পালিত হবে। সাধারণত, এর একদিন পরে পশ্চিমবঙ্গে ঈদ পালিত হয়। রবিবার এখানে চাঁদ না দেখা যাওয়ায় ২৮ মে (বৃহস্পতিবার) বাংলায় ঈদ পালিত হবে বলে জানিয়েছেন নাখোদা মসজিদের রুয়াইয়াতে হিলাল কমিটির নাসের ইব্রাহিম।

অর্থাৎ ভারতে ঈদ উল আযহা পালিত হবে আগামী ২৮ মে। 

এর আগে ঈদ উল আযহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার)ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ঈদ উল আযহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে। এর আগে তিউনেশিয়া এবং তুরস্ক ঘোষণা করে, হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ সেখানে শুরু হচ্ছে সোমবার (১৮ মে) থেকে। ফলে সেই হিসেবে দেশ দুটিতে আগামীকাল জিলহজের প্রথম দিন এবং সেখানে ঈদ উল আযহা উদযাপিত আগামী ২৭ মে (বুধবার)।

 

শনিবার পবিত্র জিলকদ মাসের ২৯তম দিনে তিউনিসিয়ার কর্তৃপক্ষ সে দেশে জিলহজ মাস শুরু ও ঈদ উল আযহা উদ্যাপনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বছরের ঈদ উল আযহার তারিখ ঘোষণাকারী প্রথম দেশ হলো তিউনিসিয়া। তুরস্কও আগামীকাল থেকে দেশটিতে জিলহজ মাস শুরুর কথা জানিয়েছে। তবে দেশটি সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিদ্যাভিত্তিক হিসাব-নিকাশের ভিত্তিতে প্রস্তুত করা ইসলামি ক্যালেন্ডার অনুসরণ করে এ তারিখ নির্ধারণ করেছে। সৌদি আরব, আরব আমিরাত, ওমানসহ বেশির ভাগ মুসলিম দেশের কর্তৃপক্ষ আজ রবিবার সন্ধ্যায় চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উল আযহার তারিখ ঘোষণা করে।