পুবের কলম ওয়েব ডেস্কঃ বকরি ঈদের ঠিক আগেই দেশজুড়ে গো-হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করার আবেদন জানিয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই সংক্রান্ত মামলায় জরুরি শুনানির আর্জি জানান আইনজীবী। তবে সেই আর্জিতে সাড়া দিল না শীর্ষ আদালত। এদিন জরুরি শুনানির আর্জি খারিজ করার সময় প্রধান বিচারপতি প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ তাৎপর্যপূর্ণ মন্তব্য করে।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার প্রাক্তন সহ-সভাপতি সতীশ কুমার আগরওয়াল।
মামলায় তিনি আবেদন জানিয়েছিলেন, গো-বংশকে হত্যার হাত থেকে রক্ষা করতে গো-হত্যা বিরোধী যে সমস্ত আইন রয়েছে সেগুলি যেন কঠোরভাবে বলবৎ করা হয় সে বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিক। শুধু তাই নয়, এর পাশাপাশি কসাইখানাগুলি নিয়েও আবেদন জানানো হয়েছে। আবেদনে জানানো হয়েছে, যেন দেশের প্রতিটি রাজ্যে বৈধ কসাইখানাগুলিকে বা স্লটারহাউসগুলি নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকারগুলিকে নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হোক। সংগঠনের পক্ষ থেকে এদিন মামলার জরুরি ভিত্তিতে শুনানির আব্দেওন জানান আইনজীবী বরুণ কুমার সিনহা। তার ভিত্তিতে বেঞ্চ মন্তব্য করে, "উৎসবের ঠিক এক দিন আগে আপনার এই কথা মনে পড়ল। এতে কোনও জরুরি পরিস্থিতি নেই।" আরও পড়ুন:
উল্লেখ্য, বকরি ঈদের আগে একাধিক রাজ্যে গরু কুরবানি নিয়ে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। বাংলাতেও জারি হয়েছে সেই নির্দেশিকা। সেই নির্দেশের পরেই বিভিন্ন মুসলিম সংগঠন আইন মেনে কুরবানি করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করারও দাবি উঠেছে।