পুবের কলম ওয়েব ডেস্ক: নিট প্রশ্নফাঁস এবং পরীক্ষায় বেনিয়মের প্রতিবাদে পথে নামা পড়ুয়াদের উপর পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ এবার পৌঁছল শীর্ষ আদালতে। এই সংক্রান্ত একাধিক মামলার শুনানিতে সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল যে, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার দেশের প্রত্যেক নাগরিকের রয়েছে। শুধুমাত্র বিক্ষোভ হচ্ছে বলেই পুলিশের এহেন অতিসক্রিয়তা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আগামী মঙ্গলবার এই সংক্রান্ত জোড়া মামলার শুনানি করবে বলে জানিয়েছে।
আরও পড়ুন:
ছাত্র বিক্ষোভকারীদের ওপর পুলিশি নিপীড়নের পাশাপাশি, বিক্ষোভে আক্রান্ত পুলিশকর্মীদের পরিবারের দায়ের করা মামলারও একসঙ্গে শুনানি হবে এদিন।
সোমবার শুনানিপর্বে প্রধান বিচারপতি সূর্য কান্ত পুলিশি পদক্ষেপের সমালোচনা করে বলেন, শান্তিপূর্ণ জমায়েত বা প্রতিবাদের অধিকার থেকে কাউকে কোনও অবস্থাতেই বঞ্চিত করা যায় না। পরিস্থিতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট প্রোটোকল বা নির্দেশিকা থাকা অত্যন্ত প্রয়োজন। শুধুমাত্র বিক্ষোভ হলেই লাঠিচার্জ করতে হবে, প্রশাসনের এমন মানসিকতা থেকে বেরিয়ে আসার বার্তা দিয়েছে শীর্ষ আদালত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ত শৃঙ্খলাবোধ বজায় রাখার উপরেও জোর দিয়েছেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন:
অন্যদিকে, পুলিশকর্মীদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে এক আইনজীবীর যুক্তির প্রেক্ষিতে বেঞ্চ জানায়, পদমর্যাদা নির্বিশেষে প্রতিটি মানুষের জীবনই সমান গুরুত্বপূর্ণ। এই মামলায় সম্পূর্ণ নিরপেক্ষভাবে আদালতকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন কেন্দ্রের প্রতিনিধিত্ব করা সলিসিটর জেনারেল তুষার মেহতা।