পুবের কলম ওয়েব ডেস্ক: কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া রবিবার এক ঘোষণায় জানিয়েছেন যে, তিনি আর কোনও নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করবেন না। ২০২৮ সালের আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি আর প্রার্থী হবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন। বয়সজনিত শারীরিক অক্ষমতার পাশাপাশি বর্তমান ভারতীয় রাজনীতির দুর্নীতিগ্রস্ত অবস্থাকেই তাঁর এই আকস্মিক সিদ্ধান্তের মূল কারণ হিসেবে তুলে ধরেছেন এই প্রবীণ নেতা।
আরও পড়ুন:
দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন সিদ্দারামাইয়া জানিয়েছেন, ১৯৭৮ সালে তালুক বোর্ডের সদস্য হিসেবে তাঁর রাজনৈতিক জীবনের শুরু।
এতগুলো বছরে তিনি কখনও নিজের নীতি ও বিবেকের সঙ্গে আপস করেননি। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন যে, আজকাল নির্বাচনে লড়তে গেলে প্রার্থীকে সাধারণ মানুষকে টাকা দিতে হয়।আরও পড়ুন:
তাঁর মতে, সততার আর কোনও স্থান বর্তমান রাজনীতিতে নেই এবং গোটা ব্যবস্থাই কার্যত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এছাড়া, ৭৯ বছর বয়সী এই নেতার কথায়, বর্তমান সরকারের মেয়াদ শেষ হতে আরও দেড় বছর বাকি।
সেই সময়ে তাঁর বয়স গিয়ে দাঁড়াবে ৮১ বা ৮২ বছরে। সেই বয়সে আগের মতো শারীরিক সক্ষমতা এবং উৎসাহ নিয়ে কাজ করা কার্যত অসম্ভব। তবে নির্বাচনী রাজনীতি থেকে সরে দাঁড়ালেও বাকি জীবন তিনি সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবেন বলে আশ্বস্ত করেছেন।আরও পড়ুন:
যদিও সিদ্দারামাইয়ার এই ঘোষণার নেপথ্যে গভীর রাজনৈতিক সমীকরণ এবং ব্যক্তিগত অভিমান দেখছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, মাত্র কয়েক সপ্তাহ আগেই দীর্ঘ টানাপোড়েনের পর তাঁকে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে ডিকে শিবকুমারকে দায়িত্ব দেয় কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব।