দেশজুড়ে প্রশ্নফাঁস বিতর্কের আবহে পরীক্ষা ব্যবস্থাকে আরও কঠোর ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। মন্ত্রিসভার অনুমোদনের পর আগামী সোমবার লোকসভায় ‘পাবলিক এগ্‌জ়ামিনেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ পেশ করা হবে। বিলটি সংসদে উত্থাপন করবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ।
সরকারি সূত্রের খবর, বিলটি আইনে পরিণত হলে প্রশ্নফাঁস ও পরীক্ষায় জালিয়াতির মতো অপরাধে আরও কঠোর শাস্তির বিধান যুক্ত হবে। প্রস্তাবিত আইনে দোষীদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।

পাশাপাশি এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালতে বিচারের ব্যবস্থাও করা হবে।
নিট প্রশ্নফাঁস ইস্যুতে দীর্ঘদিন ধরে চলা ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শনিবার তাঁর পদত্যাগের পর কেন্দ্রীয় সরকার শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব প্রহ্লাদ জোশীর হাতে তুলে দেয়।
এদিনই কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংহের সঙ্গে তৃতীয় দফার বৈঠকে বসেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিনিধিরা। বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের সঙ্গে আলোচনায় তাদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
এরপরই যন্তর মন্তরে চলা অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় আন্দোলনকারীরা।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে আন্দোলনের একটি বড় সাফল্য হিসেবে দাবি করেছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর বক্তব্য, এটি ছাত্র-যুব সমাজের শান্তিপূর্ণ গণআন্দোলনের জয় এবং গণতান্ত্রিক দাবির প্রতি সরকারের সাড়া দেওয়ারই প্রতিফলন।
এখন নজর সোমবারের সংসদ অধিবেশনের দিকে। প্রস্তাবিত সংশোধনী বিল নিয়ে আলোচনা এবং তা পাস হলে দেশের সরকারি পরীক্ষা ব্যবস্থায় প্রশ্নফাঁস ও দুর্নীতি রোধে নতুন আইনি কাঠামো কার্যকর হবে বলে আশা করছে কেন্দ্র।