নিট প্রশ্নফাঁস ইস্যুতে শুক্রবার কলকাতায় বাম ছাত্র সংগঠনের ডাকা প্রতিবাদ মিছিল চলাকালীন ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভের মধ্যে পুলিশের দিকে জুতো ও পানির বোতল ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে খবর সংগ্রহ করতে যাওয়া একাধিক সাংবাদিক ও চিত্রসাংবাদিকও হামলার শিকার হন। আহতদের মধ্যে কয়েকজনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

রাতেই হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হামলাকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, “কয়েক দিন অপেক্ষা করুন, ওদের কী করতে হয় আমি জানি। ওদের দেখিয়ে দেব।”

পরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, “এটা কোনো ছাত্র আন্দোলনের চেহারা নয়।

এটা চরম স্বৈরাচার। যে ভিডিওগুলো দেখেছি এবং যেভাবে প্রতিবাদকারীদের আচরণ দেখলাম, তাতে আমি বিস্মিত। এটা ছাত্র আন্দোলন বলে মনে হয় না।”

এদিকে, মিছিলে অংশ নেওয়া এক সমর্থকের দাবি, বিক্ষোভে কিছু ‘দেশবিরোধী’ বহিরাগত ঢুকে পড়েছিল এবং তারাই পুলিশের ওপর হামলা চালায়।
অন্যদিকে, মিছিলের অন্যতম উদ্যোক্তা দেদীপ্ত গঙ্গোপাধ্যায় ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “যাঁরা অশান্তি করতে চান, তাঁরা আন্দোলনে আসবেন না। আমরা কোনো গুন্ডামি চাই না। আমরা শুধুমাত্র আমাদের দাবিগুলো নিয়েই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে চাই।”