পুবের কলম ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের বাজেটের ওপর বক্তব্য রাখতে গিয়ে রানিগরের বিধায়ক জুলফিকার আলি নতুন সরকারকে ধন্যবাদ জানান এবং বলেন, সরকার মাত্র দু মাস হলো দায়িত্বে এসেছে এবং এটি তাদের প্রথম বাজেট। তিনি বলেন,এই সরকার  যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগে ৪৯০.৫৪ কোটি টাকা বরাদ্দ করে যুবসমাজ ও খেলাধুলার উন্নয়নে বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ নিয়েছে, যার জন্য আমি সরকারকে সাধুবাদ জানাই। বিশেষ করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ীদের উৎসাহ দিতে ইন্সপেক্টর বা ডিএসপি পদে চাকরির সুযোগ এবং তাদের পুরস্কৃতা করতে ৫০ কোটি টাকার বিশেষ ফান্ড গঠন, জাতীয় স্তরে অংশগ্রহণকারী স্পোর্টস ক্লাবগুলিকে ১ কোটি করে আর্থিক সহায়তা প্রদান, রাজ্যে স্পোর্টস বিদ্যালয় স্থাপন, উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ এবং ডিজিটাল যুগের উপযোগী ৫০০টি কনটেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরির মাধ্যমে যুবকদের দক্ষ করে তোলার উদ্যোগে তিনি সরকারকে আন্তরিকভাবে স্বাগত জানান। 
বিধায়ক জুললিকার আলি কিছু প্রস্তাব ও দাবিও পেশ করেন, যার মধ্যে রয়েছে মেডেল পাওয়ার আগের লড়াইয়ে তাদের পাশে দাঁড়াতে প্রাথমিক ট্যালেন্ট সাপোর্ট ফান্ড তৈরি করা, পাড়ায় ঐতিহ্যবাহী ভেটেরান ক্লাবগুলির মাধ্যমে স্থানীয় তরুণদের মাঠে নামিয়ে রাখা, খেলার মাঠ সংরক্ষণ থেকে শুরু করে নতুন খেলার মাঠ ও পার্কের জমি আইনগতভাবে সুরক্ষিত করা এবং বেকার যুবকদের জন্য প্রস্তাবিত ভরসা কর্মসূচিতে বার্ষিক ১ লাখ টাকার পারিবারিক আয়ের সীমা কিছুটা শিথিল করা, যাতে নিম্নমধ্যবিত্ত পরিবারের প্রকৃত যোগ্য বেকার যুবকরাও এই সুবিধা পায়। তিনি যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রীর কাছে তাঁর এলাকা রানিগর ও সীমান্তবর্তী মুর্শিদাবাদের যুবকদের পক্ষ থেকে কয়েকটি অত্যন্ত প্রয়োজনীয় দাবি রাখেন ।