পুবের কলম ওয়েব ডেস্কঃ নতুন সরকার ক্ষমতায় আসার পরেই একের পর এক পদক্ষেপ করেছে। একাধিক প্রকল্পের কথা ঘোষণা করার পাশাপাশি নিয়োগে স্বচ্ছতা আনার কথাও ঘোষণা করেছে নতুন রাজ্য সরকার। জানা যাচ্ছে, ১৮ জুন থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার মেগা বাজেট অধিবেশন। আর নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট বিধানসভায় পেশ করা হবে আগামী ২২ জুন।
পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের বোঝা সামলে রাজ্যে কীভাবে ভারী শিল্প ও পরিকাঠামোগত উন্নয়ন সম্ভব, তার সুস্পষ্ট দিশা মিলতে চলেছে আসন্ন এই অধিবেশনে। পাশাপাশি, নতুন ও পুরনো সামাজিক প্রকল্পগুলিতে কতটা জোর দেওয়া হচ্ছে, সাধারণ মানুষের জন্য কী কী নতুন বিষয় সামনে আনা হবে এবং রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক ভবিষ্যৎ আগামী দিনে কোন পথে এগোবে, তারও উত্তর মিলবে এই মেগা বাজেটে।আরও পড়ুন:
বাজেট প্রস্তুতির অঙ্গ হিসেবে সোমবার নবান্নে সমস্ত দপ্তরের সচিবদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এই বৈঠকে রাজ্যের আর্থিক শৃঙ্খলার ওপর কড়া নজর দেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, রাজকোষের যেকোনও ধরনের অপচয় অবিলম্বে রুখতে হবে। সরকারি ক্ষেত্রে অযথা খরচ কমিয়ে কীভাবে রাজ্যের নিজস্ব আয় বাড়ানো যায়, দ্রুত তার ব্লু-প্রিন্ট বা পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। সেই উদ্বৃত্ত অর্থকে রাজ্যের হাইওয়ে, উড়ালপুল এবং বিদ্যুৎ প্রকল্পের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত ক্ষেত্রে বিনিয়োগ করার রূপরেখাও এদিনের বৈঠকে বিস্তারিতভাবে আলোচিত হয়। আটকে থাকা পরিকাঠামো প্রকল্পগুলিকে দ্রুত শেষ করাই এখন নতুন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।