পুবের কলম ওয়েব ডেস্কঃ আজ বিধানসভায় জোড়া ওবিসি বিল পেশ করেছে রাজ্য সরকার। এই  সংশোধনী বিল পেশের পর রাজ্য বিধানসভায় তৈরি হল নাটকীয় পরিস্থিতি। বিলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া নিয়ে শাসকদলের একাংশ বিধায়কদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। ভোটাভুটির আগে কয়েকজন বিধায়ক অধিবেশন কক্ষ ত্যাগ করলেও পাঁচজন সদস্য ভিতরে থেকেই ভোটদানে অংশ নেননি।

সোমবার বিধানসভায় সংশোধনী বিল নিয়ে দীর্ঘ আলোচনা শেষে ভোটাভুটির সিদ্ধান্ত ঘোষণা করেন স্পিকার।

সেই সময়ই একাংশ বিধায়ক কক্ষ ছেড়ে বাইরে চলে যান। তাঁদের মধ্যে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং শিউলি সাহা। তবে পাঁচজন বিধায়ক অধিবেশন কক্ষের ভেতরেই থেকে যান। তাঁরা হলেন বাহারুল ইসলাম, কাজল শেখ, তৌসিফুর রহমান, বায়রন বিশ্বাস এবং মোশারফ হোসেন। বিধানসভা সূত্রের খবর, ভোটাভুটির ঘোষণা হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা কক্ষ ত্যাগ করতে না পারায় আর বাইরে যাওয়ার সুযোগ পাননি।

যদিও তাঁরা কক্ষে উপস্থিত ছিলেন, তবু ভোটদান থেকে বিরত থাকেন। পরে তাঁদের কাছে গিয়ে অভিনন্দন জানান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তিনি তাঁদের সিদ্ধান্তের প্রশংসা করেন বলে বিধানসভা সূত্রে জানা গেছে। শেষ পর্যন্ত  ওবিসি সংশোধনী বিল ১৮৬ ভোটে পাশ হয়। বিলের বিপক্ষে ভোট পড়ে ১৭টি, আর ভোটদান থেকে বিরত থাকেন ছয়জন সদস্য।