পুবের কলম ওয়েব ডেস্কঃ দলের নাম, প্রতীক বা সাংগঠনিক বৈধতা নিয়ে কোনও বিরোধ নেই বলে দাবি করলেও নিজেদেরই ‘আসল তৃণমূল’ হিসেবে প্রতিষ্ঠিত করতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী। বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে নিজেদের অবস্থান তুলে ধরেন তাঁরা।

বৈঠকের পর রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রকৃত প্রতিনিধিত্ব তাঁদের হাতেই রয়েছে। তাঁর দাবি, দলের দুই-তৃতীয়াংশ বিধায়ক, একাধিক প্রাক্তন মন্ত্রী, পুরপ্রতিনিধি এবং জেলা পরিষদের সদস্যরা তাঁদের পাশে রয়েছেন।

সেই কারণেই দলের বৈধতা নিয়ে কোনও বিতর্কের অবকাশ নেই। ঋতব্রত শিবিরের দাবি, গত ২২ জুন অনুষ্ঠিত দলের বিশেষ অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। ওই অধিবেশনে অরূপ রায়কে চেয়ারম্যান এবং আখরুজ্জামানকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়। সেই সিদ্ধান্তের বিষয়ে পরদিনই নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন ঋতব্রত শিবিরের ১০ সদস্যের প্রতিনিধি দল। তাঁদের মধ্যে ছিলেন নয়জন বিধায়ক এবং একজন প্রাক্তন মন্ত্রী। কমিশনের সামনে তাঁরা নিজেদের বক্তব্য তুলে ধরেন, সেইসঙ্গে বিশেষ অধিবেশনে গৃহীত সিদ্ধান্তের নথিপত্র জমা দেন। ঋতব্রত জানান, কমিশন তাঁদের বক্তব্য শুনেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে। যদিও প্রতিনিধি দলের পক্ষ থেকে কমিশনের কাছে ঠিক কী দাবি জানানো হয়েছে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাননি ঋতব্রত।