পুবের কলম ওয়েব ডেস্ক: নিট দুর্নীতি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টিকে ফের একবার আলোচনার টেবিলে আমন্ত্রণ জানাল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, সরকার যে কোনও মুহূর্তে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার বাসভবন বা দপ্তরে এই বৈঠকের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা সরাসরি খারিজ করে দিয়েছে সিজেপি নেতৃত্ব। তাঁদের স্পষ্ট দাবি, কোনও মন্ত্রীর বাড়িতে নয়, আলোচনা হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ স্থানে।
আরও পড়ুন:
কেন্দ্রের তরফে জিতেন্দ্র সিং জানিয়েছেন, বুধবার বিকেল থেকে মোট চারবার আন্দোলনকারীদের আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে। সরকার যে দেশের যুবসমাজের প্রতি সংবেদনশীল এবং তাদের দাবিগুলি যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করছে, সে কথাও মনে করিয়ে দেন তিনি। প্রস্তাব অনুযায়ী, জেপি নাড্ডার বাসভবন অথবা তাঁর দপ্তরে এই বৈঠক আয়োজিত হওয়ার কথা ছিল, যেখানে সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জিতেন্দ্র সিং এবং জেপি নাড্ডার।
আরও পড়ুন:
তবে জানা গিয়েছে, বৃহস্পতিবার যন্তর মন্তরে পাঠানো নাড্ডার আমন্ত্রণপত্রটি ফিরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।
সিজেপি-র প্রধান অভিজিৎ দীপকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, মন্ত্রীদের বাড়িতে গিয়ে তাঁরা কোনও ধরনের রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন না। সমাধান চাইলে মন্ত্রীদের যন্তর মন্তরে আসতে হবে এবং সকলের সামনে 'জনগণের আদালতে' খোলামেলা আলোচনা করতে হবে। পাশাপাশি, আলোচনার প্রস্তাব দেওয়ার আড়ালে পুলিশ দিয়ে আন্দোলনকারীদের ওপর যে সমান্তরাল দমনপীড়ন চালানো হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করার কড়া দাবি জানিয়েছে সিজেপি। এর আগে জেপি নাড্ডার সঙ্গে সিজেপি প্রতিনিধিদের একপ্রস্ত বৈঠক হলেও সেখান থেকে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি।