উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে এবার এক অনন্য নজির স্থাপন করলেন দুই শিক্ষক। বৃহস্পতিবার জয়নগর চক্রের অন্তর্গত মনিরতট ২ নং অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে। এই উদ্যোগের ফলে স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজাউদ্দিন মন্ডল এবং বিদায়ী প্রবীণ শিক্ষক তপন কুমার হালদারের ব্যক্তিগত আর্থিক সহায়তায় বিদ্যালয়টিতে একটি আধুনিক কম্পিউটার রুম, লাইব্রেরি এবং ডিজিটাল ক্লাস রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা প্রসারে এই দুই শিক্ষকের ব্যক্তিগত অবদান এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজাউদ্দিন মন্ডল, বিদায়ী শিক্ষক তপন কুমার হালদার এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা আরও আকর্ষণীয় করে তোলাই এই প্রচেষ্টার মূল লক্ষ্য।