উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: রাজ্যে সরকার পরিবর্তনের পরবর্তী সময়ে পুনরায় স্মার্ট মিটার চালু করার সিদ্ধান্ত এবং সুকৌশলে বিদ্যুতের মাশুল বৃদ্ধির যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে এ্যাবেকা। এই আন্দোলনের অংশ হিসেবেই মঙ্গলবার এ্যাবেকার জয়নগর মজিলপুর ইউনিটের উদ্যোগে জয়নগর থানার মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি জয়নগর মজিলপুর হাটপাড়ায় অবস্থিত জয়নগর ইলেকট্রিক অফিস পর্যন্ত পরিক্রমা করে। সেখানে বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের কাছে সংগঠনের পক্ষ থেকে একটি ডেপুটেশন প্রদান করা হয়।
আরও পড়ুন:
এই বিষয়ে এ্যাবেকার জয়নগর মজিলপুর ইউনিটের সদস্য সোমনাথ পাল জানান, তারা এদিন তাদের দাবি সম্বলিত একটি পত্র বিদ্যুৎ দপ্তরের জয়নগর স্টেশন ম্যানেজারের কাছে জমা দিয়েছেন। স্টেশন ম্যানেজার তাদের আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য যে, স্মার্ট মিটার চালুর সিদ্ধান্তের বিরুদ্ধে এদিন একই সাথে বহড়ু ও দক্ষিণ বারাশত বিদ্যুৎ দপ্তরেও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়েছে। সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানোর চক্রান্ত রুখতে এই ধরণের কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।