রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরবর্তী সময়ে বর্তমান সরকারের উদ্যোগে কৃষিখাতকে বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যব্যাপী প্রাকৃতিক কৃষি প্রসারের উদ্দেশ্যে ব্লক, মহকুমা এবং জেলা স্তরে কৃষকদের নিয়ে বিশেষ কর্মশালা শুরু হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার জয়নগর ২ নম্বর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে এবং নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় একটি দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
জয়নগর বিধানসভার অন্তর্গত নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর ২ নম্বর ব্লকের বিডিও প্রসেনজিত ভট্টাচার্য এবং বারুইপুর মহকুমা সহ কৃষি অধিকর্তা এডমিন নারায়ন মাইতি।
এছাড়াও উপস্থিত ছিলেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ, কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান সিনিয়র কৃষি বিজ্ঞানী ড: চন্দন কুমার মন্ডল, কৃষি বিজ্ঞানী ড: সোমনাথ সরদার, কৃষি বিজ্ঞানী কুশল দাশগুপ্ত, জয়নগর ২ নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা ড: দেবাশীষ সাউ এবং বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার কিষান মোর্চার সভাপতি মিহির মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই কর্মশালায় মূলত চাষের কাজে প্রাকৃতিক উপায়ে কৃষি পদ্ধতির ব্যবহার এবং তা প্রয়োগের সঠিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।আরও পড়ুন:
প্রাকৃতিক কৃষি কীভাবে মাটির গুণমান বজায় রেখে ফলন বৃদ্ধি করতে পারে, তা নিয়ে বিশেষজ্ঞরা আলোকপাত করেন। জয়নগর ২ নম্বর ব্লকের অন্তর্গত ১০টি পঞ্চায়েত এলাকা থেকে মোট ২১৫ জন কৃষক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কৃষকদের মধ্যে প্রাকৃতিক কৃষি জনপ্রিয় করার পাশাপাশি তাদের স্বনির্ভর করে তোলাই এই কর্মশালার মূল উদ্দেশ্য বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।