সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের কন্যাকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কুরুচিকর ও ভুয়া পোস্ট ঘিরে সরব হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নারী-সম্মানের প্রশ্নে কোনও আপস করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে ঘটনায় এফআইআর দায়ের করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শনিবার আজমগড়ে প্রায় ৯৫৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে যোগী বলেন, সম্প্রতি তিনি দেখেছেন, কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় অখিলেশ যাদবের কন্যাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। বিষয়টি নজরে আসার পরই পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর কথায়, “মেয়ে কারও হোক না কেন, তাকে কখনও বিকৃত ও কুরুচিকর আলোচনার বিষয় বানানো উচিত নয়। আমরা এমন সংস্কৃতিতে বড় হয়েছি, যেখানে গ্রামের একটি মেয়ে সবার মেয়ে এবং একটি বোন সবার বোন। কন্যাসন্তানদের বিরুদ্ধে অশালীন মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়, এ ধরনের আচরণ ক্ষমার অযোগ্য।”

এদিকে, অখিলেশ যাদবের কন্যার ছবি ব্যবহার করে ভুয়া ও মানহানিকর পোস্ট ছড়ানোর অভিযোগে তিন জনের বিরুদ্ধে কানপুর পুলিশ কমিশনারেটের সাইবার সেলে এফআইআর দায়ের করা হয়েছে। সমাজবাদী পার্টির নেতাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে অখিলেশ-কন্যার একটি ছবি পোস্ট করে ভিত্তিহীন ও বিদ্বেষমূলক মন্তব্য ছড়ানো হয়েছিল। অভিযোগকারীদের দাবি, ছবিটি বিকৃত করা হয়েছিল এবং পোস্টের তথ্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

এই প্রসঙ্গে অখিলেশ যাদবকেও পরোক্ষে বার্তা দেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, অন্যদের উপদেশ দেওয়ার পাশাপাশি নিজের দলের কর্মী-সমর্থকদের ভাষা ও আচরণ নিয়ন্ত্রণে রাখাও জরুরি। বিশেষ করে নারী, প্রবীণ এবং রাজনৈতিক নেতাদের প্রতি সম্মান প্রদর্শনের ওপর জোর দেন তিনি।

যোগীর মন্তব্য, “আপনি অন্যদের উপদেশ দেন, কিন্তু নিজের কর্মী-সমর্থকদেরও সংযত থাকতে শেখান। তারা যদি না বোঝে, তাহলে আমাদের হাতে তুলে দিন, আমরা তাদের ঠিকমতো বোঝাব।”