পুবের কলম ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতেই বিজেপির বিরুদ্ধে সরব হলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর দাবি, বাংলায় বিজেপি এবার “ভয়াবহভাবে হারতে চলেছে” এবং ভোটের আগেই গেরুয়া শিবির নিজেদের পরাজয় বুঝতে পেরে প্রশাসনিক স্তরে ওদলাবদলি করছে।
নির্বাচনের আগে রাজ্যের একাধিক শীর্ষ আধিকারিককে সরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ও বিজেপিকে একসারিতে বসিয়ে তীব্র সমালোচনা করেন অখিলেশ।
একটি সংবাদপত্রের কাটিং শেয়ার করে অখিলেশ দাবি করেছেন, একদিনে ১৭৩ জন পুলিশ আধিকারিক এবং ৮৩ জন বিডিও-কে বদলি করা হয়েছে। এই পদক্ষেপকে তিনি "বদলি নয়, নির্বাচনী হেরাফেরি" বলে উল্লেখ করেন। তাঁর মতে, এত বড় আকারে প্রশাসনিক রদবদল দেখেই বোঝা যাচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে নিজেদের পরাজয় আগাম টের পাচ্ছে। সেই কারণেই ভোটের আগে পরিস্থিতি নিজেদের অনুকূলে আনতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রকাশ্যে সমর্থনও জানান সপা প্রধান। তিনি বলেন, "দিদি আছেন, দিদিই থাকবেন।" অখিলেশের দাবি, বাংলায় বিজেপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়েরই রয়েছে। তবে তাঁর বক্তব্য, প্রশাসনিক বদলি বা নির্বাচনী কৌশল যাই করা হোক না কেন, তাতে শেষ পর্যন্ত কোনও লাভ হবে না। ভোটে বিজেপিকে বাংলার মানুষই জবাব দেবেন বলেই তিনি মনে করছেন।
উল্লেখ্য, এর আগেও একাধিক ইস্যুতে মমতার পাশে দাঁড়িয়েছেন অখিলেশ যাদব। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির ঘটনাতেও তিনি বিজেপিকে নিশানা করেছিলেন। তাঁর মন্তব্য ছিল, পেনড্রাইভের পেন প্রসঙ্গ এখনও ভুলতে পারেনি বিজেপি, আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে পরাস্ত করেছেন। এই বাস্তবতা গেরুয়া শিবির মেনে নিতে পারছে না।