আইনের ছাত্রী নন তাঁরা। কেউ সমাজসেবী, কেউ আবার স্কুলশিক্ষিকা। কিন্তু একদিনের জন্য বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়ে নজির গড়লেন পুরুলিয়ার সাত মহিলা। পুরুলিয়া জেলা লোক আদালতে বিচারকদের সহায়তায় তাঁরা একদিনেই নিষ্পত্তি করলেন ২,৭৮১টি মামলা। জরিমানা বাবদ আদায় হয়েছে ৭৮ লক্ষ ১৭ হাজার ৯৮০ টাকা।
আরও পড়ুন:
শনিবার পুরুলিয়া জেলা আদালত চত্বরে আয়োজিত লোক আদালতে মোট আটটি বেঞ্চে মামলার শুনানি হয়। এর মধ্যে সাতটি বেঞ্চে ‘মেম্বার জাজ’ হিসেবে দায়িত্ব পালন করেন সমাজসেবী ও শিক্ষিকা পেশার সাত মহিলা। এদিন মোট ৪,৭২৪টি মামলা গ্রহণ করা হয়েছিল। দ্রুত নিষ্পত্তির মাধ্যমে তাঁরা যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনই সাধারণ মানুষের কাছে লোক আদালতের গ্রহণযোগ্যতাও আরও বাড়িয়ে তুলেছেন।
আরও পড়ুন:
এই সাতজন হলেন সমাজসেবী সুদেবী দাঁ, শান্তময়ী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা সুস্মিতা রায়চৌধুরী, পুরুলিয়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের কোয়েল মারান্ডি ও কৃষ্ণা সাহা এবং চিত্তরঞ্জন গার্লস হাই স্কুলের শিক্ষিকা সমাপ্তি মল্লিক, ঝুমা মণ্ডল ও শুভ্রা মাহাতো।
আরও পড়ুন:
পুরুলিয়া জেলা আদালতের মুখ্য বিচারক সন্দীপ চৌধুরী বলেন, দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষের একাংশ আদালতের প্রতি আস্থা হারাতে শুরু করেছিলেন। সেই পরিস্থিতিতে লোক আদালত দ্রুত ও স্বল্প ব্যয়ে দেওয়ানি-সহ বিভিন্ন ধরনের মামলার নিষ্পত্তি করে মানুষের ভরসা অর্জন করছে। তিনি জানান, এখানে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে জরিমানা জমা দিয়ে মামলার নিষ্পত্তি করা সম্ভব। এমনকি কিস্তিতে অর্থ পরিশোধের ব্যবস্থাও রয়েছে।
আরও পড়ুন:
একদিনের বিচারকের আসনে বসার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সমাজসেবী সুদেবী দাঁ বলেন, মূলত ব্যাঙ্ক সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তিতে অংশ নিয়েছেন তিনি।
এই দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্বিত ও আনন্দিত। অন্যদিকে শিক্ষিকা সুস্মিতা রায়চৌধুরীর কথায়, বিচারকের সহায়তায় এই কাজ করার অভিজ্ঞতা তাঁর কাছে সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত স্মরণীয়।আরও পড়ুন:
এদিন ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত বিরোধ, বিএসএনএল-এর বকেয়া বিল-সহ বিভিন্ন ধরনের মামলার নিষ্পত্তি করা হয়। অনেক ক্ষেত্রে ঋণগ্রহীতাদের সুবিধাজনক কিস্তিতে ঋণ শোধের সুযোগও করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অরিজিৎ মণ্ডল জানান, বছরে চারবার— মার্চ, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে লোক আদালতের আয়োজন করা হয়। চলতি বছর মার্চ মাসে নির্ধারিত লোক আদালত অনুষ্ঠিত না হওয়ায় এদিন প্রায় ১২ হাজার মানুষ বিভিন্ন মামলার নিষ্পত্তির আশায় পুরুলিয়া জেলা আদালতে উপস্থিত হয়েছিলেন।
আরও পড়ুন:
একদিনে বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তি এবং সাত মহিলার সক্রিয় ভূমিকা পুরুলিয়া লোক আদালতের ইতিহাসে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে রইল।