ওয়াহিদ রেজা: সীমান্তবর্তী শহর লালগোলায় অপরাধ দমনে বড়সড় সাফল্য পেল লালগোলা থানা। গোপন সূত্রে খবর পেয়ে এবং পুলিশের বিশেষ তৎপরতায় অভিযান চালিয়ে মোট সাতজন বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত প্রত্যেকেই অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে লালগোলায় এসে গা ঢাকা দিয়েছিল। লালগোলা থানার ওসি অমিত ভগতের সুযোগ্য নেতৃত্বে এবং কেন্দ্রবিশেষ টিমের তৎপরতায় বৃহস্পতিবার রাতে এই সফল অভিযান চালানো হয়। মাদক কারবার, চোরাচালান ও বেআইনি অনুপ্রবেশ মুক্ত লালগোলা গড়তে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


বর্তমানে গ্রেফতার হওয়া ওই সাতজন অনুপ্রবেশকারীকে বাহাদুরপুর হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন অবৈধভাবে এপার বাংলায় বসবাসকারী বাংলাদেশীদের গ্রেফতার করে হোল্ডিং সেন্টারে রাখা হবে ।এরপর বিএসএফের হাতে তুলে দেয়া হবে। বিএসএফ তাদের পুনরায় বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা করবে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে কার্যকরী করতে লালগোলা থানার ওসি অমিত ভগত উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন।