ওয়াহিদ রেজা: মুর্শিদাবাদের লালগোলা বিধানসভা এলাকায় বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস। রবিবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী সরকার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁর সঙ্গে ঘাসফুল শিবিরে শামিল হয়েছেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ হুমায়ুন কবীর, মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ তাজিনুর বিবি, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ নজরুল ইসলাম এবং পঞ্চায়েত সমিতির সদস্যা শুকতারা খাতুন ও এলিজা বিবি। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চিকিৎসক ডা.আব্দুল আজিজ, বর্তমান সংসদ সদস্য খলিলুর রহমান এবং বিধায়ক জাকির হোসেনের হাত ধরে তাঁরা তৃণমূলের পতাকা তুলে নেন। এই দলবদল লালগোলা এলাকায় কংগ্রেসকে অনেকটাই দুর্বল করে দিল বলে রাজনৈতিক মহলের ধারণা।

এই যোগদান প্রসঙ্গে খলিলুর রহমান বলেন যে, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত একমাত্র লালগোলা পঞ্চায়েত সমিতিই তৃণমূলের দখলের বাইরে ছিল, আজ থেকে সেটিও তৃণমূলের দখলে চলে এল। তিনি আরও দাবি করেন, এর ফলে আগামী নির্বাচনে লালগোলা বিধানসভায় তৃণমূল কংগ্রেস উল্লেখযোগ্য ফলাফল করবে এবং বিপুল ভোটে জয়ী হবেন প্রার্থী চিকিৎসক ডা.আব্দুল আজিজ। পঞ্চায়েত সমিতির এই পালাবদলে লালগোলায় তৃণমূলের শক্তি কয়েক গুণ বৃদ্ধি পেল বলেই মনে করা হচ্ছে।
 
লালগোলা ব্লক কনভেনার রুমা ব্যানার্জি বলেন, এযোগদানের ফলে লালগোলায় তৃণমূল কংগ্রেস শক্তি বৃদ্ধি করল তৃণমূল কংগ্রেস ।আগামীতে গোটা ব্লকই তৃণমূল কংগ্রেসের দখলে চলে এলো। আগামীতে বড় পরিবর্তন আসতে চলেছে তৃণমূল কংগ্রেসের বলে তিনি জানান।